বিএনপি টাকা দিয়ে নানান ফ্রন্ট করে বিশৃঙ্খলার পাঁয়তারা করছে: কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
ছবি: ফেসবুক থেকে নেওয়া

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ও তার দোসররা টাকার বিনিময়ে নানা ধরনের ফ্রন্ট করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার পাঁয়তারা করছে।

জাতীয় শোক দিবস উপলক্ষে আজ রোববার সকালে রাজশাহী মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এসব মন্তব্য করেন। ওবায়দুল কাদের তাঁর বাসভবন থেকে ভার্চ্যুয়ালি এ অনুষ্ঠানে যুক্ত হন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি জানে, নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো যাবে না। সে জন্য তারা ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে।’

বিএনপির নেতাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘এ দেশে আর ক্ষমতার পরিবর্তন পেছনের দরজা দিয়ে হবে না। নির্বাচন করেই জনগণ যাকে চাইবে, সেই ক্ষমতায় যাবে। নির্বাচনের মাধ্যমেই ফয়সালা হবে, কে ক্ষমতায় থাকবে।’

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ও ২০০৪ সালের ২১ আগস্টের রক্তের দাগ এখনো শুকায়নি। তারা (আওয়ামী লীগ) এখন অনেক সতর্ক। বিএনপি ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগের ২১ হাজার নেতা-কর্মীকে হত্যা করা হয়েছিল। তাদের হাতে এখন সেই রক্তের দাগ দগদগ করছে।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি লুণ্ঠনের মাধ্যমে হাওয়া ভবন তৈরি করেছিল। দুর্নীতিতে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। কোটি কোটি কালো টাকার মালিক যারা হয়েছিল, বাংলাদেশের কোটি কোটি টাকা যারা বিদেশে পাচার করেছিল, সেই অপশক্তি বিএনপি নির্বাচনে জনগণের ভোট পাবে না।

ওবায়দুল কাদের বলেন, জনগণ আর বিএনপির সেই দুঃশাসনের কাছে এ দেশকে ফিরিয়ে দিতে চায় না, কোনো দিন ফিরিয়েও দেবে না।

দেশবাসীর উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি নানা ধরনের গুজব ছড়িয়ে দেশবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আপনারা গুজবে কান দেবেন না। বর্তমান পরিস্থিতির সৃষ্ট দুঃসময় কেটে যাবে। সুদিন ফিরে আসবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রাখুন।’

শোকসভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী কামাল। বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ডাবলু সরকার প্রমুখ।