কারও লাঠিয়াল নাকি রাজনৈতিক দল হবে, তা বিএনপিরই সিদ্ধান্ত: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিএনপিকেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, তারা সাত সমুদ্র তেরো নদীর ওপারে বসে থাকা কারও লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহৃত হবে, নাকি একটি রাজনৈতিক দল হিসেবে টিকে থাকবে।
আজ রোববার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আগামী নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিয়ে সাংবাদিকদের এ কথা বলেন হাছান মাহমুদ। তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তথ্যমন্ত্রী বলেন, ‘আমি মনে করি কোনো গণমানুষের সংগঠন যদি ক্রমাগতভাবে নির্বাচনবিমুখ থাকে, নির্বাচনে অংশগ্রহণ না করে, সেই সংগঠন আর গণমানুষের সংগঠন থাকে না। আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন চান তাঁদের স্বার্থরক্ষার জন্য বিএনপি একটা লাঠিয়াল বাহিনী হিসেবে থাক। সে কারণেই তিনি বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে চান না।’
ঈদের পর বিএনপির আন্দোলনের ঘোষণা প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির এ ধরনের বাগাড়ম্বর ১৪ বছর ধরে শুনে আসছি। মানুষের কাছেও এগুলো হাস্যকর কৌতুক হয়ে দাঁড়িয়েছে। বিএনপির এ ধরনের হুমকি-ধমকি তাদের কর্মীরাও বিশ্বাস করে না, আস্থাও রাখে না। গত বছর ১০ ডিসেম্বরের পর বিএনপির ভেতরে আলোচনা হচ্ছে, আন্দোলন এভাবে মাঠে মারা গেল কেন। মাঠে মারা যাওয়া আন্দোলনকে তারা আবার জীবিত করতে পারবে না।’
খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপির সাম্প্রতিক বক্তব্য নিয়ে প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘তাদের পরিকল্পনার অংশ হচ্ছে খালেদা জিয়াকে অসুস্থ দেখানো। খালেদা জিয়া সুস্থ আছেন। কিছুদিন আগে বিএনপির নেতারা বলছিল যে খালেদা জিয়াকে যদি বিদেশ না নেওয়া হয়, তাহলে তার জীবনশঙ্কা আছে। সেটি বলার মধ্যেই আমরা দেখতে পেলাম, খালেদা জিয়া বাংলাদেশের হাসপাতালে চিকিৎসা নিয়েই ভালো হয়ে চলে গেছেন এবং বলেছেন তিনি খুব ভালো আছেন। বিএনপিরই আসল উদ্দেশ্য হচ্ছে খালেদা জিয়াকে অসুস্থ বানিয়ে রাখা, অসুস্থ দেখানো, রাজনৈতিক ফায়দা লাভের উদ্দেশ্যে বিএনপি সেটি করে আসছে।’
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের আগে তথ্য ও সম্প্রচারমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) কার্যনির্বাহী কমিটির সদস্যরা সাক্ষাৎ করেন। তাঁরা এফডিসিতে বাচসাসের জন্য একটি কক্ষ বরাদ্দ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন কমিটিতে এবং বিদেশ সফরে তাঁদের প্রতিনিধি অন্তর্ভুক্ত করার দাবিসংবলিত পত্র মন্ত্রীকে হস্তান্তর করেন।
চলচ্চিত্রশিল্পের উন্নয়নে দীর্ঘ ৫৫ বছর ধরে টিকে থাকা বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির অবদান ও ধারাবাহিক বাচসাস চলচ্চিত্র পুরস্কার প্রদান ব্যবস্থার প্রশংসা করেন হাছান মাহমুদ। তাদের উত্থাপিত বিষয়গুলো যাচাই ও বিবেচনার আশ্বাস দেন তিনি।
এ সময় চলচ্চিত্রশিল্পের অগ্রগতি নিয়ে হাছান মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলচ্চিত্রশিল্পের উন্নয়নের জন্য সিনেমা হল নির্মাণ ও সংস্কারে এক হাজার কোটি টাকার সহজ ঋণ তহবিল গঠন করেছেন। চলচ্চিত্রশিল্পীদের জন্য শিল্পী কল্যাণ ট্রাস্ট গঠন করা হয়েছে। এফডিসিতে নতুন ভবন নির্মাণকাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। সেখানে চারটি শুটিং ফ্লোর থাকবে। সেখানে একটা সিনেমা শুরু থেকে শেষ পর্যন্ত নির্মাণ করা যাবে। এ ছাড়া গাজীপুরে বঙ্গবন্ধু ফিল্ম সিটি হচ্ছে, সেটি পূর্ণাঙ্গ হলে সেখানেও সিনেমা নির্মাণ করা যাবে।’
আসন্ন কান চলচ্চিত্র উৎসবে দেশের অংশগ্রহণ নিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের সিনেমাকে বিশ্ব অঙ্গনে নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই আমরা এবার প্রথম কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের স্টল নিয়েছি। সেখানে বঙ্গবন্ধুর বায়োপিক “মুজিব, দ্য মেকিং অব আ নেশন” প্রদর্শনের সম্ভাবনা আছে।’
বাচসাস সভাপতি রাজু আলীম, সাধারণ সম্পাদক রিমন মাহফুজ, সহসভাপতি অঞ্জন রহমান ও রাশেদ রাইন, সহ-সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, অর্থ সম্পাদক সাহাবুদ্দিন মজুমদার, সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম মিলন, সমাজকল্যাণ ও মহিলা সম্পাদক আনজুমান আরা শিল্পী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু হুরায়রা মুরাদ, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা মাঈনুল হক ভূঁইয়া, আনিসুল হক রাশেদ, রুহুল সাখাওয়াত প্রমুখ বৈঠকে অংশ নেন।