নির্বাচিত হলে নাগরিক সেবা নিশ্চিত ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্ব দেওয়া হবে: নবীউল্লাহ

যাত্রাবাড়ীর ৬৪ নম্বর পশ্চিম ওয়ার্ড থেকে দুপুরে গণসংযোগ শুরু করেন নবীউল্লাহ নবীছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হতে পারলে নাগরিক সেবা নিশ্চিত ও কর্মসংস্থান সৃষ্টিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি মনোনীত ঢাকা-৫ আসনের (যাত্রাবাড়ী-ডেমরা) প্রার্থী নবীউল্লাহ নবী।

আজ বুধবার রাজধানীর যাত্রাবাড়ী ও ডেমরা থানার বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এ প্রতিশ্রুতি দেন।

গণসংযোগকালে ভোটাররা দীর্ঘদিনের জলাবদ্ধতা, গ্যাস–সংকট, বিশুদ্ধ পানির অভাব, বেকারত্ব, রাস্তাঘাটের বেহাল দশা, অপরিকল্পিত নগরায়ণ এবং ময়লার ভাগাড়ের দুর্ভোগসহ নানা সমস্যা তুলে ধরেন। তাঁরা এসব সমস্যার টেকসই সমাধানের দাবি জানান।

নবীউল্লাহ নবী ভোটারদের এসব সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। এ সময় তিনি বলেন, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাসী। বিএনপি ক্ষমতায় গেলে একটি সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়েই কাজ করা হবে।

নবীউল্লাহ নবী ভোটারদের বিএনপিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির বিকল্প নেই। দেশের উন্নয়ন মানেই ধানের শীষ। সব ষড়যন্ত্রকে পেছনে ফেলে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ধানের শীষে রায় দিয়ে বিএনপিকে সরকারে পাঠাতে হবে।

নির্বাচিত হলে ডেমরায় সরকারি হাসপাতাল, প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ, ডেমরা থেকে যাত্রাবাড়ী পর্যন্ত ফ্লাইওভার নির্মাণের প্রতিশ্রুতি দেন নবীউল্লাহ নবী। এ ছাড়া তিনি ঢাকা-৫ আসনকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত করার প্রতিশ্রুতি দেন।

এদিন যাত্রাবাড়ীর ৬৪ নম্বর পশ্চিম ওয়ার্ড থেকে দুপুরে গণসংযোগ শুরু করেন নবীউল্লাহ নবী। এরপর ডেমরার কোনাপাড়া, কাঠেরপুল, মেন্দিবাড়ি, দরবার শরিফ রোড, মান্নান স্কুল এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি লিফলেট বিতরণ করেন। গণসংযোগে তাঁর সঙ্গে ডেমরা ও যাত্রাবাড়ী থানা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।