দল বিলুপ্ত করে নেতা–কর্মীদের নিয়ে বিএনপিতে যোগ দিলেন সৈয়দ এহসানুল হুদা

বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদাকে ফুল দিয়ে বরণ করে নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সোমবার, ২২ ডিসেম্বরছবি: বিএনপি মিডিয়া সেলের পেজ থেকে।

বাংলাদেশ জাতীয় দল বিলুপ্ত করে নেতা–কর্মীদের নিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন দলটির চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা। আজ সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ফুল দিয়ে সৈয়দ এহসানুল হুদাকে বরণ করে নেন।

অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা এবং তাঁর দলের নেতা–কর্মীরা বিএনপির সঙ্গে যুক্ত হচ্ছেন। বিএনপি আশা করছে, তাদের এই যোগদান বিএনপিকে আরও শক্তিশালী করবে। আগামী নির্বাচনেও এই যোগদান ইতিবাচক ভূমিকা রাখবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সৈয়দ এহসানুল হুদা ও তাঁর দলের নেতা–কর্মীদের বিএনপি স্বাগত জানাচ্ছে। আগামী দিনে গণতন্ত্র প্রাতিষ্ঠানিকীকরণের কর্মকাণ্ড ও নির্বাচনের মাধ্যমে ৩১ দফা বাস্তবায়নের কাজে তাদের সহযোগিতা পাওয়া যাবে বলে আশা করছে বিএনপি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য বাংলাদেশ জাতীয় দল বিএনপিতে যোগদান করছেন বলেন জানান সৈয়দ এহসানুল হুদা। তিনি বলেন, এই মুহূর্তে দেশ একটি ক্রান্তিকালে আছে, সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। গণতান্ত্রিক উত্তরণের জন্য আগামী দিনে একটি নির্বাচন হতে যাচ্ছে। সেই নির্বাচন বানচাল করার বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে।

কিশোরগঞ্জ–৫ আসনে বিএনপির শরিক দল হিসেবে বাংলাদেশ জাতীয় দল থেকে নির্বাচন করতে চেয়েছিলেন দলটির চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা। তবে ৪ ডিসেম্বর দ্বিতীয় দফায় বিএনপি যে ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করেছে, সেখানে কিশোরগঞ্জ-৫ আসনে শেখ মজিবর রহমানের নাম ঘোষণা করা হয়। এরপরে আজ দল বিলুপ্ত করে নেতা–কর্মীসহ বিএনপিতে যোগ দিলেন সৈয়দ এহসানুল হুদা।