জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে কোনো আপস করা হবে না: পানিসম্পদমন্ত্রী

‘শহীদদের আত্মত্যাগ আমাদের দায় ও নতুন বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। সেগুনবাগিচা, ঢাকা; ২ আগস্ট ২০২৬ছবি: মন্ত্রণালয়ের সৌজন্যে

পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, জুলাইয়ের চেতনা ও জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে কোনো আপস করা হবে না। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার মধ্য দিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলাই হবে জুলাই শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা।

‘শহীদদের আত্মত্যাগ আমাদের দায় ও নতুন বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন পানিসম্পদমন্ত্রী। আজ রোববার রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি-কাঁচার মেলায় জাগ্রত জুলাই ফোরাম এই আলোচনা সভার আয়োজন করে। পরে পানিসম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।

আলোচনা সভায় শহীদ উদ্দীন চৌধুরী বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জীবন উৎসর্গ করে শহীদেরা জাতিকে ঋণী করে গেছেন। তাঁদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে।

পানিসম্পদমন্ত্রী বলেন, দীর্ঘ ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় জুলাইয়ের ভিত্তি রচিত হয়েছে। ছাত্র, শিক্ষক, কবি-সাহিত্যিক, পেশাজীবীসহ সব শ্রেণি-পেশার মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের সফল পরিণতি ঘটে ৫ আগস্ট, যখন ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান।

এ সময় শহীদ উদ্দীন চৌধুরী বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে ভিন্নমতকে শ্রদ্ধা করার সংস্কৃতি গড়ে তুলতে হবে। গণতন্ত্রের সৌন্দর্য গঠনমূলক সমালোচনায় নিহিত উল্লেখ করে তিনি বলেন, জুলাইয়ের চেতনা ও জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে কোনো আপস করা হবে না। এ বিষয়ে প্রধানমন্ত্রীর অঙ্গীকারের কথাও তিনি স্মরণ করিয়ে দেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক। বিশেষ আলোচক ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

জাগ্রত জুলাই ফোরামের আহ্বায়ক আহমেদ জীবনের সভাপতিত্বে অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আল মামুন এবং আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।