সংসদ সদস্য নদভী ও তাঁর স্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে ডিজিটাল আইনে মামলা

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম
প্রথম আলো ফাইল ছবি

চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী ও তাঁর স্ত্রী রিজিয়া রেজা চৌধুরীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট করার অভিযোগে ৯ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

আজ বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবিরের আদালতে মামলাটি করেন মিজানুর রহমান নামের এক যুবক। রিজিয়া রেজা চৌধুরী কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য ও আইআইইউসি বোর্ড অব ট্রাস্টির সদস্য।
বাদীর আইনজীবী আসাদুজ্জামান খান প্রথম আলোকে বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করার নির্দেশ দিয়েছেন।

মামলায় অভিযুক্ত ব্যক্তিরা হলেন শোয়াইন বিন হাবিব, শরিফ আহমেদ, ইউসুফ বিন হোসাইন খান, এ এস এম এহসানুল হক, ইউসুফ আহমেদ, কবির আহমদ, ইকবাল হাফিজ, সাইফুল ইসলাম ও মাহমুদ মিনহাজ।

মামলার আরজিতে বলা হয়, সম্প্রতি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সভানেত্রীসহ রাজনৈতিক ও সামাজিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানের বিভিন্ন ছবি ফেসবুকের বিভিন্ন পেজে শেয়ার করা হয়। এসব পেজে আইআইইউসির সঙ্গে সংশ্লিষ্ট নয়, এমন বহিরাগত ব্যক্তিরাই সংসদ সদস্য নদভী, তাঁর স্ত্রী রিজিয়া রেজা চৌধুরী ও আইআইইউসি নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট ও কমেন্ট করেন।