ঠাকুরগাঁও-১ (সদর) আসনে ১৮৫টি কেন্দ্রের মধ্যে ১৭৬টির ফল ঘোষণা হয়েছে। এর মধ্যে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৯৫ হাজারের বেশি ভোট পেয়ে এগিয়ে আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ লাখ ২৮ হাজার ৭৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৩২ হাজার ৫৮৪ ভোট পেয়েছেন। অপর প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ৮৩৩ ভোট।
জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনে ভোটার ৫ লাখ ১১ হাজার ৬২৯ জন।
আজ সকাল সাড়ে সাতটার পর ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে পৌঁছান মির্জা ফখরুল। এরপর তিনি ভোটকক্ষে প্রবেশ করেন এবং ভোট দেন। এ সময় তাঁর সঙ্গে স্ত্রী রাহাত আরা বেগম, দুই মেয়ে শামারুহ মির্জা ও মির্জা সাফারুহ, ছোট ভাই জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ভোট দেওয়ার পর মির্জা ফখরুল বলেন, ‘এই নির্বাচন নির্ধারণ করবে আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ, রাজনীতি কোন দিকে যাবে। বাংলাদেশে আজকে গণতন্ত্রের যাত্রা নতুন করে শুরু হলো।’