জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকায় এনসিপির বিক্ষোভ, সরকারকে বিদায়ের হুঁশিয়ারি

বাংলামোটর মোড়ে সমাবেশে বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ২১ সেপ্টেম্বরছবি: এনসিপির সৌজন্যে

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানী ঢাকার সড়কে বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই বিক্ষোভ কর্মসূচি থেকে ক্ষমতাসীন বিএনপি সরকারকে বিদায়ের হুঁশিয়ারি দিয়ে দলটির নেতারা বলেছেন, এই সরকার জনগণের গলায় ছুরি বসিয়েছে। যারা জনগণের গলায় ছুরি বসায়, তাদের আর ক্ষমতায় থাকার প্রয়োজন নেই।

আজ সোমবার রাতে ঢাকার বাংলামোটরে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার ব্যানারে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। সেখানে সমাবেশের পর মিছিল বের করা হয়। মিছিলটি পরীবাগ এলাকায় ‘জননী ও গর্বিত বর্ণমালা ভাস্কর্যের’ সামনে গিয়ে শেষ হয়। সেখানে আরেকটি সংক্ষিপ্ত সমাবেশ হয়।

শুরুতে বাংলামোটর মোড়ে সমাবেশে বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, সরকার এরই মধ্যে কয়েকবার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। বিশ্ববাজারে জ্বালানিসংকট রয়েছে, সেটা অস্বীকার করার উপায় নেই। সেই সংকট মোকাবিলার সক্ষমতা যে বিএনপি সরকারের নেই, সেটা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে।

বিএনপি সরকার ইতিমধ্যে দেশের মানুষের সামনে ব্যর্থ প্রমাণিত হয়েছে মন্তব্য করে নাসীরুদ্দীন বলেন, ‘এই ব্যর্থ সরকারকে আমরা লংমার্চ থেকে বলেছি, তাদের সামনে একটাই পথ আছে—এক দফা দাবি। যদি সরকার মনে করে যে বিরোধী দল বা ১১–দলীয় জোট আমাদের কী করবে, আমরা বলব ১১–দলীয় জোট কিছু করবে না, আপনাদের জনগণ রাস্তায় আপনাদের ধাওয়া দেবে। কারণ, জনগণের পেটে আপনারা লাথি দিয়েছেন।’

বিএনপি সরকারের আর দরকার নেই উল্লেখ করে নাসীরুদ্দীন বলেন, এই সরকার জ্বালানিসংকট মোকাবিলা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে, গণমাধ্যমের ওপর অবরোধ দিয়েছে।

নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের পর মিছিল শুরু হয়। মিছিলে এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকার ও সদস্যসচিব এস এম শাহরিয়ার, ঢাকা জেলা উত্তরের আহ্বায়ক নাবিলা তাসনিদ, দলের যুব সংগঠন যুবশক্তির সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল, শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির সদস্যসচিব ঋআজ মোর্শেদসহ এনসিপি ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা অংশ নেন।

পরীবাগ এলাকায় জননী ও গর্বিত বর্ণমালা ভাস্কর্যের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। সেখানে কর্মসূচির সমাপনী বক্তব্য দেন এনসিপির ঢাকা দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকার। তিনি বলেন, ‘বিএনপি সরকার ক্ষমতা দখলের পরই আমরা বুঝেছিলাম, এই সরকারের প্রত্যেকটা দিন কেমন যাবে। আজকে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। বিএনপি প্রত্যেকটা ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। এই বিএনপি ক্ষমতায় থাকার অধিকার হারিয়েছে। আজকে দেশে তেল, গ্যাস, বিদ্যুৎ নেই।’

সরকারকে হুঁশিয়ার করে ইসহাক সরকার বলেন, ‘রোববার রাতের অন্ধকারে, তিনি (প্রধানমন্ত্রী তারেক রহমান) যখন বিদেশে যাবেন, তখন তেলের দাম বাড়িয়ে চলে গেলেন। জনগণের কথা বিবেচনা করলেন না। আজকে আমরা প্রতিবাদ করেছি। আগামীতে আর প্রতিবাদ নয়, এই সরকারকে প্রতিরোধের ডাক দেব, ইনশা আল্লাহ।’