নিরুত্তাপ ভোটে আ.লীগ ছাড়া কারও আগ্রহ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট সিটি নির্বাচনে আজ ভোট গ্রহণ হবে ইভিএমের মাধ্যমে। ভোটকেন্দ্রে ইভিএম পৌঁছে দেওয়ার কার্যক্রম চলছে। গতকাল আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে
ছবি: আনিস মাহমুদ

প্রতিদ্বন্দ্বিতাহীন রাজশাহী ও সিলেট সিটির মেয়র পদের ভোট নিয়ে আওয়ামী লীগ ছাড়া কারও তেমন কোনো আগ্রহ নেই। আজ ভোটে ক্ষমতাসীন দলের প্রার্থীদের জন্য অনেকটা খালি মাঠ বলেই স্থানীয় রাজনীতিকেরা বলছেন। তবে দুটি সিটি করপোরেশনেই লড়াই হবে কাউন্সিলর পদগুলোতে।

জাতীয় নির্বাচনের আগে পাঁচ সিটির নির্বাচনের তিনটিতে ইতিমধ্যে ভোট হয়েছে। বাকি দুটি সিটি করপোরেশন সিলেট ও রাজশাহীতে আজ বুধবার ভোট হবে।

নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনে থাকা বিএনপি ও তার সঙ্গী দলগুলো সিটি নির্বাচন বর্জন করছে। বরিশাল সিটি নির্বাচনে দলীয় প্রার্থীর ওপর হামলার ঘটনার প্রেক্ষাপটে ইসলামী আন্দোলন সিলেট ও রাজশাহীর নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। ফলে এই দুই সিটিতে আওয়ামী লীগ মেয়র প্রার্থীর বিপক্ষে জাতীয় পার্টির প্রার্থী থাকলেও শক্ত প্রতিদ্বন্দ্বিতা নেই।

রাজশাহী সিটিতে আগের পাঁচটি নির্বাচনের মধ্যে দুটিতে মেয়র পদে জিতেছিলেন আওয়ামী লীগের প্রার্থী, তিনবার জেতেন বিএনপির প্রার্থী। প্রতিবারই মেয়র পদে হাড্ডাহাড্ডি লড়াই হয়। এবারই নির্বাচনের পরিস্থিতি পুরো ভিন্ন। এবার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা না থাকায় ভোটারদের মধ্যে নির্বাচন নিয়ে আগ্রহ কম বলে স্থানীয় নির্বাচন পর্যবেক্ষকেরা বলছেন।

রাজশাহীতে নির্বাচন থেকে সরে দাঁড়ান ইসলামী আন্দোলনের প্রার্থী মুরশিদ আলম। জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম ও জাকের পার্টির প্রার্থী লতিফ আনোয়ার প্রচারণায় সেভাবে নামেননি। শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকলেও ক্ষমতাসীন দলের প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান ব্যাপক প্রচারণা চালিয়েছেন। তাতেও নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি করা যায়নি।

এবারের নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী খায়রুজ্জামান নিজেও নির্বাচনের আমেজ কম বলে স্বীকার করেছেন। গতকাল মঙ্গলবার তিনি প্রথম আলোকে বলেন, বিএনপিসহ কয়েকটি দল নির্বাচন বর্জন করেছে। তারা নির্বাচনে এলে ভালো হতো। বিএনপি নির্বাচনে না আসায় আমেজ কিছুটা কম। তবে আওয়ামী লীগের কর্মী-সমর্থক ছাড়াও উন্নয়নের পক্ষে থাকা সাধারণ ভোটাররা ভোটকেন্দ্রে আসবেন বলে তিনি আশা করেন।

২০১৩ সালে রাজশাহী সিটি নির্বাচনে জয়ী হয়েছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন (বুলবুল)। দলীয় সিদ্ধান্তে এবার মোসাদ্দেক হোসেন নির্বাচনে অংশ নেননি। তিনি প্রথম আলোকে বলেন, ‘এ রকম প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন আগে দেখিনি। আওয়ামী লীগের প্রার্থীর অযাচিত প্রচারণায় বরং ভোটাররা বিরক্ত হয়েছেন। ইভিএম নিয়েও মানুষের মনের সন্দেহ দূর হয়নি। বিএনপি নির্বাচন নিয়ে মাথা ঘামায়নি। তবে ভোটারদের বলেছি, আপনারা কেন্দ্রে যাবেন না।’

সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের হড়গ্রাম এলাকার বাসিন্দা আশরাফুল ইসলাম বলেন, ‘নৌকা ছাড়া আর কোনো প্রার্থী দেখিনি। তাঁকে টক্কর দেওয়ার মতো কেউ নেই। এর চেয়ে কাউন্সিলরদের জেতার জন্য বেশি কষ্ট করতে হচ্ছে।’

সরকারবিরোধী ভোট কি কোনো ভূমিকা রাখবে

সিলেটের নাগরিক সমাজ ও রাজনৈতিক দলগুলোর একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, সর্বশেষ ২০১৮ সালের নির্বাচনেও এই সিটিতে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও একাধিক বাম দলের প্রার্থী মিলে জমজমাট নির্বাচন হয়েছে। এবার এসব দলের মেয়র প্রার্থী না থাকায় ভোট নিরুত্তাপ হয়ে পড়েছে। অনেকে এ নির্বাচনে ভোটার-খরার আশঙ্কা করছেন।

তবে দলের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিএনপি ও জামায়াতপন্থী ৬৩ কাউন্সিলর প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতায় থাকায় হঠাৎ আলোচনায় চলে আসেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী মো. নজরুল ইসলাম (বাবুল)। তাঁর সমর্থকদের দাবি, বিএনপি-জামায়াতের কাউন্সিলর প্রার্থীকে ভোট দিতে কেন্দ্রে যেসব ভোটার আসবেন, তাঁদের অনেকেই ক্ষমতাসীন দলের প্রার্থীকে ভোট দেওয়ার পরিবর্তে লাঙ্গলকে বেছে নিতে পারেন।

সিলেটে আওয়ামী লীগ বাদে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী অন্য পাঁচ প্রার্থী হলেন জাকের পার্টির মো. জহিরুল আলম এবং স্বতন্ত্র প্রার্থী মো. আবদুল হানিফ (কুটু), মো. ছালাহ উদ্দিন (রিমন), মো. শাহ্ জামান মিয়া ও মোশতাক আহমেদ রউফ। তবে তাঁরা খুব একটা আলোচনায় নেই।

গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে আশাবাদের কথা বলেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। অন্যদিকে জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।

জাতীয় পার্টির প্রার্থী মো. নজরুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘প্রচারণার শেষ দিনে আমাকে বারবার বাধা দেওয়া হয়েছে। প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করছে। আমার এজেন্ট ও কর্মী-সমর্থকদের প্রতিপক্ষ প্রার্থীর নেতা-কর্মীরা হুমকি দিচ্ছে। এসব কারণে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কায় আছি।’

সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘ক্ষমতাসীন দলের মেয়র প্রার্থীর বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার মতো প্রার্থী নেই। অন্যদিকে বিএনপি ভোটারদের কেন্দ্রে যেতে নিরুৎসাহিত করছে। কয়েক দিন ধরে টানা বৃষ্টিও হচ্ছে। ভোটারদের মধ্যেও ভোট নিয়ে কোনো উৎসাহ-উদ্দীপনা নেই। তাই ভোটারের উপস্থিতি কেমন হবে, তা বলা মুশকিল।’

তবে নির্বাচনী পর্যবেক্ষকেরা এ-ও বলছেন, দুই সিটিতেই কাউন্সিলর পদগুলোতে বেশির ভাগ ওয়ার্ডে আওয়ামী লীগের একাধিক প্রার্থী যেমন রয়েছেন, তেমনি বিএনপি থেকে বহিষ্কৃত ও জামায়াতের অনেকে প্রার্থী হয়েছেন। ফলে কাউন্সিলর পদগুলোতেই প্রতিদ্বন্দ্বিতা হবে।