স্বাধীন রাষ্ট্রে গণমাধ্যমের কণ্ঠরোধ অনাকাঙ্ক্ষিত: এবি পার্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: ফেসবুক থেকে নেওয়া

ডিজিটাল নিরাপত্তা আইনে গণমাধ্যমের কণ্ঠরোধ স্বাধীন রাষ্ট্রে অনাকাঙ্ক্ষিত। সত্য প্রকাশের জন্য সাংবাদিকদের হেনস্তা করা অগণতান্ত্রিক। প্রথম আলোর বিরুদ্ধে জাতীয় সংসদের অধিবেশনে বিষোদ্‌গার প্রজাতন্ত্রের স্বার্থবিরোধী। 

আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন বিজয় ৭১ চত্বরে স্বাধীন রাষ্ট্রের ঘোষণা দিবসের আলোচনা সভা ও গণ-ইফতার অনুষ্ঠানে সোমবার দলটির নেতারা এ সব কথা বলেন। 

এবি পার্টির যুগ্ম আহ্বায়ক মেজর (অব.) আবদুল ওহাব বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে গণমাধ্যমের কণ্ঠরোধ স্বাধীন রাষ্ট্রে অনাকাঙ্ক্ষিত। সত্য প্রকাশের জন্য সাংবাদিকদের হেনস্তা করা অগণতান্ত্রিক। 

আবদুল ওহাব আরও বলেন, আমাদের ভাষা ও ভোটের অধিকার রক্ষার জন্য যে সংগ্রাম শুরু হয়েছিল, তা পূর্ণতা পেয়েছে ১৯৭১ সালের আজকের এই দিনে। তিনি বলেন, জনগণের ওপর পাকিস্তানের যে জুলুম, নির্যাতন ও নিষ্পেষণ চলেছিল তা এখনো চলমান আছে। এ জন্য দেশ স্বাধীন হয়নি। 

সভাপতির বক্তব্যে এবি পার্টির যুগ্ম-আহ্বায়ক তাজুল ইসলাম বলেন, প্রথম আলোর বিরুদ্ধে সংসদ অধিবেশনে বিষোদ্‌গার প্রজাতন্ত্রের স্বার্থবিরোধী। তিনি বলেন, মুজিবনগরের স্বাধীন রাষ্ট্র গড়ার ঘোষণাপত্রের মূলনীতি ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের ভিত্তিতে আমরা নতুন দেশ গঠন করব। 

তাজুল ইসলাম বলেন, স্বাধীনতার ঘোষণাপত্র এ জন্য পাঠ করা হয়নি যে নেতা-মন্ত্রীদের ছেলেরা উন্নত জীবনযাপন করবে আর আমার দরিদ্র পরিবারের ছেলেরা ফ্লাইওভারের নিচে বসে ক্ষুধার কথা ভুলে থাকার জন্য নেশা করব। 

এবি পার্টির এই যুগ্ম-আহ্বায়ক বলেন, এমপি-মন্ত্রীরা দুর্নীতি করে আমাদের দেশের মানুষের সম্পদ বিদেশে পাচার করবেন, স্বাধীনতার ঘোষণাপত্রে এ কথা উল্লেখ ছিল না। দেশকে যে সাম্যের দেশে পরিণত করার কথা ছিল, তা তাঁরা ধ্বংস করে দিয়েছে। 

এবি পার্টির অফিস সম্পাদক আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন। ইফতারের আগে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরীর সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয়। 

আরও পড়ুন