বিএনপি-জামায়াতের ভরসা এখন যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা: মেনন
‘জনগণ নয়, বিএনপি-জামায়াতের একমাত্র ভরসা এখন মার্কিন যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা’—এমন মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। আজ শুক্রবার শাহবাগে বাংলাদেশ যুব মৈত্রী আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘২০০৬ সালের ২৮ অক্টোবর বিএনপি-জামায়াতের গুলিতে নিহত শহীদ রাসেল আহম্মেদ খান’ স্মরণে এই সমাবেশের আয়োজন করা হয়। যুব মৈত্রীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সমাবেশে রাশেদ খান মেনন বলেন, ‘যে মোসাদ ফিলিস্তিনে মুসলমানদের হত্যা করেছে, তার পরামর্শ এখন তারেক রহমান–নূরু গংয়ের সম্বল। সেই পরামর্শেই তারা ২৮ অক্টোবর থেকে সরকার পতনের এক দফা আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিতে চায়। ২৮ অক্টোবরের বদলা নিতেই তারা (বিএনপি-জামায়াত দক্ষিণপন্থী অপশক্তি) এই দিনকে বেছে নিয়েছে। কিন্তু শহীদ রাসেলরা যেমন বুকে গুলি নিয়ে বিএনপি-জামায়াত জোটের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল, দেশবাসীও সেই প্রতিরোধ গড়ে তুলেছে। তাদের আন্দোলনের বেলুন ইতিমধ্যে চুপসে গেছে। তাদের আন্দোলনের শেষযাত্রা অস্তযাত্রায় রূপ নেবে।’
২৮ অক্টোবরের সেই দিনের স্মৃতি স্মরণ করে রাশেদ খান মেনন বলেন, ‘জামায়াতের মুহুর্মুহু গুলির সামনে লগি–বইঠা নিয়ে ১৪ দলের নেতা–কর্মীরা যে প্রতিরোধ গড়ে তুলেছিল, তাই বিএনপি-জামায়াত জোটের পতনকে ত্বরান্বিত করেছিল। সেই ব্যথা তারা আজও ভুলতে পারে নাই। বিএনপির সঙ্গে তাই এবারও জামায়াত মাঠে নেমেছে। বসে নেই হেফাজতিরাও। শেখ হাসিনাকে ক্ষমতা থেকে অপসারণ করতে রেজিম চেঞ্জের লক্ষ্য নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সকল দক্ষিণপন্থী শক্তিকে এক করেছে। কিন্তু তা কোনো ফল দেবে না। সাংবিধানিক ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে দেশবাসী শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানকে নিশ্চিত করবে।’
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন, মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনা রক্ষায় যুবসমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশে সাম্রাজ্যবাদী হস্তক্ষেপ, সাম্প্রদায়িক হস্তক্ষেপ ও দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে এ দেশের যুবসমাজকে আরও বেশি সাহসী হতে হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন যুব মৈত্রীর সভাপতি তৌহিদুর রহমান তৌহিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুব মৈত্রীর সাধারণ সম্পাদক তাপস দাস। সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, যুব মৈত্রীর সহসভাপতি কায়সার আলম, জাতীয় যুব জোটের সভাপতি শরিফুল কবির স্বপন, সহসাধারণ সম্পাদক মুক্তার হোসেন নাহিদ, সাংগঠনিক সম্পাদক মানোয়ার হোসেন, ঢাকা মহানগর উত্তরের সভাপতি ইয়াদুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ওমর ফারুক সুমন, ছাত্র মৈত্রীর সভাপতি অতুলন দাস আলো প্রমুখ।