নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে কর্মসূচি দিল সিপিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর পল্টনের মুক্তি ভবনে সিপিবির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সভা অনুষ্ঠিত হয়। ঢাকা, ১৮ জুলাই
ছবি: সংগৃহীত

নির্বাচনব্যবস্থার সংস্কার, নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনসহ বিভিন্ন দাবিতে ২০ জুলাই থেকে ১০ দিনব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। মঙ্গলবার রাজধানীর পল্টনের মুক্তি ভবনে সিপিবির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন (প্রিন্স), সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, প্রেসিডিয়াম সদস্য শামছ্জ্জুামান ও অধ্যাপক এ এন রাশেদা।

সভায় সিপিবির নেতারা বলেন, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের নামে নির্লজ্জ প্রহসন সংঘটিত হয়েছে। পুলিশের উপস্থিতিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ওপর হামলা এবং মাত্র ১১ শতাংশ ভোটারের উপস্থিতি প্রমাণ করে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। এ ধরনের নির্বাচনের প্রতি জনগণের আস্থা নেই।

সভায় নির্বাচনব্যবস্থার সংস্কারসহ নির্দলীয় তদারকি সরকারের অধীনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থায় জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকারকে ক্ষমতায়ন ও কার্যকর করা, নিত্যপণ্যের দাম কমানো, রেশনব্যবস্থা ও ন্যায্যমূল্যের দোকান চালুর দাবিতে ২০ থেকে ৩০ জুলাই পর্যন্ত সারা দেশের সব জেলা-উপজেলায় বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়।