বিকেলে বিএনপির জরুরি সংবাদ সম্মেলন
বিএনপি আজ মঙ্গলবার বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। আজ বেলা তিনটায় বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতে উপস্থিত থাকবেন।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবীর খান প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ছাড়াও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।
শায়রুল কবীর আজ প্রথম আলোকে বলেন, সংবাদ সম্মেলনের মূল আলোচ্য বিষয় হতে পারে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি। এ ছাড়া চলমান আন্দোলন, দেশের বর্তমান অবস্থা এবং এক দফার কর্মসূচি নিয়ে কথা বলতে পারেন মির্জা ফখরুল।
প্রায় দুই মাস ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তাঁর স্বাস্থ্যের উন্নতির কোনো লক্ষণ দেখছেন না চিকিৎসকেরা। তাঁর মেডিকেল বোর্ডের একজন সদস্য গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা ধীরে ধীরে অবনতির দিকেই যাচ্ছে।
মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা করানোর জন্য তাঁর ছোট ভাই শামীম ইস্কান্দার অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছিলেন গত ২৫ সেপ্টেম্বর। খালেদা জিয়ার পরিবারের একটি সূত্র আজ জানিয়েছে, তাঁকে বিদেশে চিকিৎসা দেওয়ার ব্যাপারে খোঁজখবরও নিয়েছিলেন পরিবারের সদস্যরা। তাঁরা জার্মানি, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুর—চার দেশের হাসপাতালে খোঁজ নিয়েছিলেন। কিন্তু বিএনপির চেয়ারপারসনকে বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়ার আবেদনে ‘না’ বলে দিয়েছে আইন মন্ত্রণালয়। গত রোববার আইনগত মতামত দিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আইন অনুযায়ী অনুমতি দেওয়ার সুযোগ সরকারের হাতে নেই।