গণমিছিল দিয়ে যুগপৎ আন্দোলনের সূচনা
১০ ডিসেম্বর ঢাকার বিভাগীয় গণসমাবেশ থেকে বিএনপি এই গণমিছিল কর্মসূচির ঘোষণা দিয়েছিল।
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, দলনিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানসহ ১০ দফা দাবিতে আজ শনিবার সারা দেশে গণমিছিল নিয়ে মাঠে নামছে বিএনপি। এই কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ, ১২–দলীয় জোট, এলডিপি, জামায়াতে ইসলামীসহ অন্যান্য বিরোধী দল।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, কার্যত এই কর্মসূচির মধ্য দিয়ে সরকার হটানোর লক্ষ্যে বিরোধী দলগুলোর যুগপৎ আন্দোলনের সূচনা হচ্ছে।
১০ ডিসেম্বর ঢাকার বিভাগীয় গণসমাবেশ থেকে বিএনপি ঢাকাসহ সারা দেশে ২৪ ডিসেম্বর (আজ) এই গণমিছিল কর্মসূচির ঘোষণা দিয়েছিল। একই দিন ঢাকায় আওয়ামী লীগের জাতীয় সম্মেলন হওয়ায় বিএনপি ঢাকার গণমিছিলের তারিখ পাল্টে ৩০ ডিসেম্বর করে।
দলের নেতারা বলছেন, এই কর্মসূচি ঘিরে ১০ ডিসেম্বরের মতো উত্তাপ না থাকলেও সারা দেশে নেতা-কর্মীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ৭ ডিসেম্বর থেকে এ পর্যন্ত রাজধানী ঢাকাসহ সারা দেশে দেড় হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সাংগঠনিকভাবে গুরুত্বপূর্ণ ও সক্রিয় নেতাদের বেছে বেছে গ্রেপ্তার করা হচ্ছে। এর আগে থানাভিত্তিক যেসব নেতা-কর্মীর তালিকা তৈরি করা হয়েছে, সেটা ধরেই গ্রেপ্তার অভিযান চালানো হচ্ছে বলে অভিযোগ করছেন বিএনপির নেতারা। এর মধ্যেও চলে গণমিছিলের প্রস্তুতি।
বিএনপির সূত্র জানায়, যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচি ‘গণমিছিল’ সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সারা দেশকে সাংগঠনিকভাবে ২০টি মহানগর ও জেলায় ভাগ করে দলের স্থায়ী কমিটির ৭ সদস্যসহ ২০ জন কেন্দ্রীয় নেতাকে কর্মসূচি সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরা গণমিছিলে নেতৃত্ব দেবেন। বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত এই গণমিছিল হবে।
জানা গেছে, গণমিছিলের কর্মসূচির পর কেন্দ্রীয় নেতারা বিএনপির ‘রাষ্ট্র মেরামতের রূপরেখার’ ২৭ দফা নিয়ে স্থানীয় নেতাদের সঙ্গে বসবেন। তাঁরা এ বিষয়ে স্থানীয় নেতাদের ‘ব্রিফিং’ বা ধারণা দেবেন, যাতে তাঁরা বিএনপির প্রস্তাবিত রাষ্ট্র মেরামতের রূপরেখা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে পারেন। এই কর্মসূচিতে অংশ নিতে ইতিমধ্যে নেতারা বিভিন্ন জেলা ও মহানগরে পৌঁছে গেছেন।
বিএনপির সূত্রে জানা গেছে, চট্টগ্রামের গণমিছিলের নেতৃত্ব দেবেন দলের জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন। স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় রাজশাহীতে, আবদুল মঈন খান খুলনায়, নজরুল ইসলাম খান কুমিল্লায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী বরিশালে, সেলিমা রহমান গাজীপুরে, ইকবাল হাসান মাহমুদ ময়মনসিংহে থাকবেন। এ ছাড়া সিলেটে মো. শাহজাহান, কিশোরগঞ্জে আবদুল আউয়াল মিন্টু, নোয়াখালীতে শামসুজ্জমান, সুনামগঞ্জে আহমেদ আজম খান, নারায়ণগঞ্জে জয়নুল আবেদীন, ফরিদপুরে নিতাই রায় চৌধুরী, বগুড়ায় আমানউল্লাহ আমান, দিনাজপুরে মিজানুর রহমান (মিনু), চাঁদপুরে জয়নুল আবদিন ফারুক, ভোলায় মুজিবুর রহমান সরোয়ার, যশোরে সৈয়দ মোয়াজ্জেম হোসেন ও রাজবাড়ীতে হাবিব-উন নবী খান গণমিছিলে নেতৃত্ব দেবেন।
এ বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, ‘বিএনপির ১০ দফা আন্দোলনের সারকথা হলো, আমরা এই সরকারের পদত্যাগ চাই। অতএব ২৪ ডিসেম্বরের (আজ শনিবার) গণমিছিল হবে সরকারকে পদত্যাগে বাধ্য করার জন্য যে আন্দোলন, তার সূচনামাত্র।’
তবে কর্মসূচি ঘোষণা করেও শেষ মুহূর্তে রংপুর মহানগর ও জেলায় আজকের গণমিছিল স্থগিত করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় দপ্তরের ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রথম আলোকে জানান, সিটি করপোরেশন নির্বাচনের কারণে প্রশাসনের অনুরোধে কর্মসূচি স্থগিত করা হয়। সেখানে ৩০ ডিসেম্বর এই গণমিছিল হবে।
গণমিছিলের আগে গ্রেপ্তার
বিএনপি অভিযোগ করেছে, ঢাকার গণসমাবেশের আগে সরকার যেভাবে নির্যাতন-নিপীড়ন, গ্রেপ্তার করেছিল, ২৪ ডিসেম্বরের কর্মসূচিকে বাধাগ্রস্ত করার জন্য একই কায়দায় দমন-নিপীড়ন চালানো হচ্ছে।
প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিরা জানিয়েছেন, গত বৃহস্পতিবার নোয়াখালী, চুয়াডাঙ্গা ও নীলফামারীতে বিএনপি-জামায়াতের ৩৩ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশের দাবি, তাঁদের অনেকে পুরোনো মামলার আসামি। অনেকে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠকে অংশ নিয়েছিলেন।
নোয়াখালী থেকে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় সুধারাম থানার পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) যৌথ অভিযান চালিয়ে নোয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা শ্রমিক দলের সভাপতি দেলোয়ার হোসেনকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে। সেখান থেকে নোয়াখালী পৌর বিএনপির সভাপতি আবু নাছেরসহ বিএনপি ও সহযোগী সংগঠনের ২৪ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, গ্রেপ্তার বিএনপির নেতা-কর্মীরা প্রত্যেকেই কোনো না কোনো মামলার আসামি।
চুয়াডাঙ্গায় নাশকতার মামলায় সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুল ইসলাম ও সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমানউল্লাহ আমানকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাঁদের সদর উপজেলার পৃথক দুটি জায়গা থেকে গ্রেপ্তার করা হয়।
নীলফামারীতে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠকের অভিযোগে জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির খায়রুল আনামসহ (৫০) সাত নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার রাতে জেলা সদরের কুখাপাড়া ও কচুকাটা ইউনিয়নের দুহুলী গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
নেতা-কর্মীদের গ্রেপ্তারের বিষয়ে গতকাল সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের কেন্দ্রীয় নেতা সৈয়দ এমরান সালেহ। তিনি বলেন, নোয়াখালীতে গণমিছিলের প্রস্তুতি বৈঠক থেকে কোনো কারণ ছাড়াই বিএনপির ২৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়।
এরপর রাতভর নোয়াখালীতে বিএনপির নেতা, কর্মী ও সমর্থকদের গ্রেপ্তারের জন্য তল্লাশি অভিযান চালানো হয় এবং তাঁদের পরিবার-পরিজনের সঙ্গে অশোভন আচরণ করা হয়। গণমিছিলের কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির নেতাদের ফোন করে গায়েবি মামলার হুমকি দেওয়া হচ্ছে।
এক নেতা ছয় দিন ধরে নিখোঁজ, দাবি বিএনপির
গতকাল বিএনপির সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা মহানগরীর ৩৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জামশেদ রনিকে ছয় দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁর ব্যবহৃত মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে। তাঁর পরিবারের সদস্যরা এবং বিএনপির পক্ষ থেকেও সংশ্লিষ্ট থানা, ডিবি অফিসসহ অন্যান্য জায়গায় খোঁজখবর নেওয়া হয়েছে।
এখন পর্যন্ত তাঁর সন্ধান পাওয়া যাচ্ছে না। জামশেদ রনি সরকারের দুর্নীতি, লুটপাট, দমন-নিপীড়নের বিরুদ্ধে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে সক্রিয় ছিলেন। নিখোঁজ জামশেদ রনির সন্ধান চেয়ে অবিলম্বে তাঁকে জনসমক্ষে হাজির করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।