উপজেলা পরিষদে এমপির খবরদারির সুযোগ তৈরি হচ্ছে 

কাজী মারুফুল ইসলামফাইল ছবি

উপজেলা পরিষদের ভেতরে ‘পরিদর্শন কক্ষ’ নামে সংসদ সদস্যদের (এমপি) জন্য ‘বসার জায়গা’ করে দেওয়ার সিদ্ধান্তের কথা জাতীয় সংসদে জানানো হয়েছে। আপাতত এটি একটি ‘নিরীহ উদ্যোগ’ মনে হলেও উপজেলা পরিষদের কার্যক্রম ও সংসদ সদস্যদের দায়িত্বের পরিধি বিবেচনায় এ উদ্যোগকে ‘নিরীহভাবে’ দেখার সুযোগ নেই। দীর্ঘদিন ধরেই স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো তাদের স্বায়ত্তশাসন প্রয়োগ করতে পারছে না। সংসদ সদস্যরা উপজেলা পরিষদ, এমনকি ইউনিয়ন পরিষদেও হস্তক্ষেপ করেন। মূলত তাঁদের মাধ্যমেই কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করে। 

স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নেতৃবৃন্দ, রাজনৈতিক দল ও গবেষকদের মধ্যে একটি ঐকমত্য গড়ে উঠেছিল যে বর্তমান বাংলাদেশে এসব প্রতিষ্ঠানকে প্রকৃত অর্থেই স্বায়ত্তশাসিত হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। এর অন্যতম শর্ত হলো স্থানীয় সরকার প্রতিষ্ঠানে সংসদ সদস্যদের হস্তক্ষেপ না থাকা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে উপজেলা পরিষদের ভেতরে পরিদর্শন কক্ষ নামে সংসদ সদস্যদের জন্য যে বসার জায়গা তৈরি করা হচ্ছে, তা আসলে উপজেলা পরিষদের ওপর সংসদ সদস্যদের খবরদারি করার জায়গা তৈরি হচ্ছে।

আইন অনুযায়ী সংসদ সদস্যদের প্রধান কাজ তিনটি—আইন প্রণয়ন, স্থানীয় জনগণের প্রতিনিধিত্ব করা এবং নির্বাহী বিভাগকে জবাবদিহির আওতায় আনা। সে হিসেবে উপজেলা পরিষদে সংসদ সদস্যদের প্রত্যক্ষ দায়িত্ব বা কাজ নেই। তাঁরা যা কিছু করবেন, তা সংসদীয় নীতি ও রীতির মধ্যেই করতে হবে। উপজেলা পরিষদে বসে এর কার্যক্রম তদারক করা এবং স্থানীয় জনপ্রতিনিধিদের প্রভাবিত করা ছাড়া এ উদ্যোগ থেকে ইতিবাচক কিছু আসবে বলে মনে হয় না। এটি কেন্দ্রীয় ক্ষমতা স্থানীয় পর্যায়ে চাপিয়ে দেওয়ার একটি নতুন ধরন।