মেট্রোরেল উদ্বোধন: আরামবাগে আওয়ামী লীগের সমাবেশ চলছে
মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত উদ্বোধন শেষে আজ শনিবার সমাবেশে অংশ নিতে আরামবাগ এলাকায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের ঢল নেমেছে। বাস, ট্রাক, পিকআপ, মাইক্রোবাস ও প্রাইভেট কারে করে হাজারো নেতা-কর্মী সমাবেশস্থলে জড়ো হচ্ছেন। পুরো আরামবাগ-ফকিরাপুল-নয়াপল্টন এলাকা ছেয়ে গেছে কর্মী-সমর্থকদের নিয়ে আসা ব্যানার-ফেস্টুনে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরামবাগে আয়োজিত আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সমাবেশে যোগ দেবেন।
আজ বেলা দেড়টার দিকে দেখা যায়, সমাবেশ উপলক্ষে নেতা-কর্মীরা বিভিন্ন যানবাহনে করে আরামবাগের দিকে যাচ্ছেন। নেতা-কর্মীদের আনা বাস ও অন্য পরিবহনের চাপে কাকরাইল ও রাজমণি সিনেমা হল মোড়ের আগেই ঢাকা ক্লাব ও শান্তিনগরের দিকে যানজটের সৃষ্টি হয়েছে।
যানজটের মধ্যে নেতা-কর্মীরা বাসের ভেতর বসেই আওয়ামী লীগের পক্ষে স্লোগান দিচ্ছেন। পরে রাজমণি সিনেমা হল মোড়ে গিয়ে দেখা যায়, ওই মোড় থেকেই নেতা-কর্মীদের আনা যানবাহন ফিরিয়ে দেওয়া হচ্ছে। নয়াপল্টনের নাইটিঙ্গেল মোড় থেকে হেঁটে সমাবেশস্থলের দিকে নেতা-কর্মীরা যাচ্ছেন। এ ছাড়া ফকিরাপুল বক্স কালভার্ট ও কমলাপুরের দিক থেকেও নেতা-কর্মীরা হেঁটে সমাবেশস্থলের দিকে যাচ্ছেন।
ফকিরাপুল মোড় এলাকায় (কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তা তল্লাশি করছেন। এই অংশে সড়কের এক পাশ দিয়ে কার্ডধারী নিমন্ত্রিত অতিথিরা সমাবেশমঞ্চের দিকে প্রবেশ করছেন। সড়কের অন্য পাশ দিয়ে ঢাকা ও বিভাগের আশপাশের জেলা থেকে আসা কর্মী-সমর্থকেরা সমাবেশে প্রবেশ করছেন।
বেলা দুইটার দিকে সমাবেশ শুরু হয়। সমাবেশে ঢাকা মহানগর ও অঙ্গসহযোগী সংগঠনের নেতারা বক্তৃতা দিচ্ছেন। তাঁরা বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে এবং শেখ হাসিনাকে আবারও নির্বাচিত করতে নেতা-কর্মীদের মাঠে থাকার আহ্বান জানাচ্ছেন।
সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী। অনুষ্ঠান সঞ্চালনা করছেন পর্যায়ক্রমে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান, দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান।