বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে চলছে আওয়ামী লীগের শান্তি সমাবেশ
রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ শুক্রবার বেলা ৩টা ৪০ মিনিটে ক্ষমতাসীন আওয়ামী লীগের শান্তি সমাবেশ শুরু হয়েছে। দলটির কেন্দ্রীয় নেতারা সমাবেশে বক্তব্য রাখছেন।
আজ বেলা সাড়ে ৩টার পর থেকে সমাবেশস্থলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা মিছিল নিয়ে আসছেন।
বেলা ৩টার দিকে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে নেতা-কর্মীদের নির্ধারিত সময়ে পরে সমাবেশস্থলে আসতে পারেননি। এ কারণেই সমাবেশ শুরু করতেও দেরি হয়।
‘বিএনপি ও জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের’ বিরুদ্ধে এই শান্তি সমাবেশের আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।
সমাবেশে প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী।