রওশন এরশাদ কাল দেশে ফিরছেন
জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক ও সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ আগামীকাল মঙ্গলবার দেশে ফিরবেন। স্বাস্থ্য পরীক্ষা এবং নিয়মিত চিকিৎসার জন্য তিনি গত ১০ জুলাই থাইল্যান্ডে যান। সেখানে তিনি ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা নেন। ব্যাংককে রওশনের সঙ্গে ছেলে সাদ এরশাদ ও তাঁর স্ত্রীও রয়েছেন।
বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মো. মামুন হাসান জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে থাই এয়ারওয়েজের একটি বিমানে হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।
সোমবার বিকেলে রওশন এরশাদের ছেলে রাহ্গীর আল মাহি (সাদ এরশাদ) ব্যাংককে প্রথম আলোকে বলেন, ‘আল্লাহর রহমতে আম্মু ভালো আছেন। আমরা কাল আসব ইনশা আল্লাহ।’
২০২১ সালের ৫ নভেম্বরও উন্নত চিকিৎসার জন্য তাঁকে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে তিনি প্রায় আট মাস চিকিৎসা নেন। গত বছরের ২৭ জুন দেশে ফিরে সরাসরি গুলশানের একটি হোটেলে উঠেছিলেন।