গণ অধিকারের নেতা-কর্মী কম থাকার কারণ জানালেন নুরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণতন্ত্র মঞ্চের সমাবেশে বক্তব্য দিচ্ছেন নুরুল হক
ছবি: প্রথম আলো

গণতন্ত্র মঞ্চের সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের পঞ্চম কর্মসূচিতে আজ শনিবার গণ অধিকার পরিষদের নেতা–কর্মীদের উপস্থিতি কম চোখে পড়েছে। এর কারণ জানিয়েছেন গণ অধিকার পরিষদের সদস্যসচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক।
নুরুল হক বলেন, ‘বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে গতকালই অধিকার পরিষদের একটা কর্মসূচি ছিল। যে কারণে হয়তো আজকে অংশগ্রহণ একটু কম। কারণ, গতকাল আমরা একটা কর্মসূচি করেছি।’

আজ দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানোসহ ১৪ দফা দাবিতে সমাবেশ করে গণতন্ত্র মঞ্চ। গত ১৬ জানুয়ারি থেকে গণতন্ত্র মঞ্চের কর্মসূচিতে এই মঞ্চে থাকা গণ অধিকার পরিষদের নেতাদের উপস্থিতি কম দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, সমাবেশে নুরুল হক ও গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা রাশেদ খানসহ অল্প কয়েকজন উপস্থিত ছিলেন।

১৬ জানুয়ারি সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের তৃতীয় কর্মসূচিতে অংশগ্রহণই করেনি গণ অধিকার পরিষদ। এ প্রসঙ্গে গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ও দপ্তর সমন্বয়ক শাকিল উজ্জামান প্রথম আলোকে বলেছিলেন, ১১ জানুয়ারির সমাবেশে নুরুল হকের অংশগ্রহণের বিষয়টি গণতন্ত্র মঞ্চের অন্য নেতাদের জানালেও তাঁরা সমাবেশ দীর্ঘায়িত না করে দ্রুত শেষ করে দেন। এ কারণে নুরুল সমাবেশে যোগ দিতে পারেননি।

এরপরের কর্মসূচি তথা ২৫ জানুয়ারির অনুষ্ঠানে অবশ্য গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হকের নেতৃত্বে সংগঠনের অল্প কয়েকজন নেতা-কর্মী গণতন্ত্র মঞ্চের কর্মসূচি অংশ নিয়েছেন।

গত ৩০ ডিসেম্বর থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত বিএনপিসহ সরকারবিরোধী সব দল ও জোট পাঁচটি কর্মসূচি পালন করেছে। এর একটিতেও গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা আ স ম আবদুর রব উপস্থিত ছিলেন না। আর মাহমুদুর রহমান মান্না ও গণ অধিকার পরিষদের রেজা কিবরিয়া প্রথম তিনটি কর্মসূচিতে অংশ নেননি।

গত বছরের ৮ আগস্ট সাতটি দল ও সংগঠন নিয়ে গণতন্ত্র মঞ্চ গঠিত হয়েছিল। পাঁচ মাস যেতে না যেতেই নেতৃত্বের বিরোধ থেকে অসন্তোষের কারণে গণতন্ত্র মঞ্চে ভাঙনের আশঙ্কা করা হচ্ছে। এই বিরোধ মূলত গণ অধিকার পরিষদের সঙ্গে মঞ্চের অন্য দলগুলোর নেতাদের।

গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বলা হচ্ছে, বিভিন্ন কর্মসূচিতে তাদের জনবলই বেশি থাকে। অথচ, তাদের সেভাবে মূল্যায়ন করা হয় না।

আরও পড়ুন

১১ জানুয়ারির ‘গণ-অবস্থান’ কর্মসূচি ঘিরে গণতন্ত্র মঞ্চের নেতাদের সঙ্গে গণ অধিকার পরিষদের মনোমালিন্য দৃশ্যমান হয়। এই কর্মসূচিতে অংশ নিতে চেয়েছিলেন গণ অধিকারের সদস্যসচিব নুরুল হক। তিনি কিছুদিন বিদেশে ছিলেন। ঢাকায় পৌঁছেই তিনি কর্মসূচিতে অংশ নিতে চেয়েছিলেন। কিন্তু কর্মসূচিস্থলে তাঁর উপস্থিত হওয়ার আগেই তড়িঘড়ি করে তা শেষ করে দেওয়া হয়। সেই ঘটনায় এখন পর্যন্ত গণতন্ত্র মঞ্চের সঙ্গে গণ অধিকার পরিষদের দূরত্ব কমেনি।

আরও পড়ুন