সরকার ক্ষমতায় থাকার কৌশল হিসেবে জামায়াত-শিবির নিষিদ্ধ করেছে: সিপিবি

কমিউনিস্ট পার্টি (সিপিবি)
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সরকার ক্ষমতায় থাকার কৌশল হিসেবে জামায়াত-শিবির নিষিদ্ধ করেছে বলে মনে করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। শুক্রবার এক বিবৃতিতে এমনটা বলেন সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন।

সিপিবি নেতারা বিবৃতিতে বলেন, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী, ঘাতক, মানবতাবিরোধী অপরাধী জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি দীর্ঘদিনের হলেও শাসকগোষ্ঠীর দলগুলো ক্ষমতার খেলার কৌশলের সমীকরণে নিষিদ্ধ করেনি এবং নিজেদের স্বার্থে বারবার ব্যবহার করেছে। এখন স্মরণকালের মধ্যে সংঘটিত অন্যতম হত্যাযজ্ঞের বিচার, রাষ্ট্রীয় সম্পদের ধ্বংসযজ্ঞ ঠেকাতে না পারার দায় নিয়ে সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলন চলছে। বর্তমান সরকার তার ক্ষমতায় থাকার কৌশল হিসেবে জামায়াত-শিবির নিষিদ্ধের কথা বলেছে।

যুদ্ধাপরাধী হিসেবে নয়, সন্ত্রাসী সংগঠন হিসেবে জামায়াত–শিবিরকে নিষিদ্ধ করা হয়েছে, যা জনগণের আকাঙ্ক্ষার পরিপন্থী বলেও বিবৃতিতে উল্লেখ করেছে সিপিবি। সংবিধানের চার মূলনীতি প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখার আহ্বানও জানিয়েছে তারা। একই সঙ্গে সরকারের পদত্যাগসহ শিক্ষার্থী–জনতার দাবি আদায়ে চলমান আন্দোলন অব্যাহত রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে সিপিবি।

এদিকে শুক্রবার এক বিবৃতিতে যুব ইউনিয়ন বলেছে, যুদ্ধাপরাধী দলকে সন্ত্রাস দমন আইনে নিষিদ্ধ করার বিষয়টি হাস্যকর।