সংসদে আমির হামজার প্রশ্নের সময় সরকারি দলের সদস্যদের টিপ্পনী
জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আমির হামজা প্রশ্ন করার সময় সরকারি দলের কয়েকজন সংসদ সদস্য টিপন্নী কেটেছেন। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতের আরেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
আজ রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে একটি তারকা চিহ্নিত প্রশ্ন উত্থাপন করেন আমির হামজা। তাঁর নাম ঘোষণা করার পর সরকারি দলের অনেক সংসদ সদস্যকে মন্তব্য এবং হইচই করতে দেখা যায়। পরে আমির হামজা তাঁর প্রশ্নটি উত্থাপন করেন।
পরে বিষয়টি নিয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন জামায়াতের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। স্পিকারকে সব সংসদ সদস্যের অভিভাবক উল্লেখ করে তিনি বলেন, প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য আমির হামজা প্রশ্ন করার সময় কয়েকজন সংসদ সদস্য যেভাবে তাঁর সম্পর্কে মন্তব্য করেছেন এবং শব্দ করেছেন, তা একজন সংসদ সদস্যের বিশেষ অধিকার ক্ষুণ্নের শামিল। তিনি এ বিষয়ে স্পিকারের রুলিং চান।
পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, ‘সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন কোনো আচরণ অনুগ্রহ করে করবেন না। একজন সদস্য যখন দাঁড়িয়ে কথা বলেন, তিনি যদি আপত্তিকর শব্দ বলে থাকেন, সেটি এক্সপাঞ্জ হবে। আর আপনাদের উত্তর দেওয়ার প্রয়োজনীয়তা অনুভূত হলে সেই সুযোগও দেওয়া হবে।’
স্পিকার বলেন, ‘আমার দৃষ্টিতে এই সংসদটি আমার দেখা সাতটি সংসদের মধ্যে সবচেয়ে সুন্দরভাবে গঠিত এবং যোগ্য ব্যক্তিদের নিয়ে গঠিত হয়েছে। এই সংসদে অনেক জ্ঞানী-গুণী ও শিক্ষিত ব্যক্তি রয়েছেন। এই সংসদের সবচেয়ে বড় মাহাত্ম্য হলো, এটি একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গঠিত হয়েছে।’
বিগত আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) সরকারের সময়কার সংসদের কথা উল্লেখ করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘এর আগের ( আ.লীগের সময়কার) ১৫ বছর ছিল অন্ধকার সময়। আমরা সবাই তা সহ্য করেছি। উভয় পক্ষের অনেক সদস্য বিনা বিচারে জেলে সময় পার করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছয় বছর অন্তরিণ ছিলেন। বিচার পাননি, খাবার পাননি, চিকিৎসা পাননি। অনেক দুঃসময় অতিক্রম করে আমরা এই সংসদ পেয়েছি।’
স্পিকার বলেন, ‘এখন আমাদের ওপর জনগণের অনেক আশা-ভরসা রয়েছে। আমরা আশা করি, জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে পারব। এই সংসদের কার্যক্রম এখন সাধারণ মানুষ অতীতের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি দেখছেন। সুতরাং আপনাদের আচরণের ওপর ভিত্তি করে তাঁরা এই সংসদ সম্পর্কে ধারণা তৈরি করবেন।’