অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন: চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির (চরমোনাই পীর) মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ৫৩ বছরের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন। দেশের অর্থ বিদেশে পাচার করে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছেন।
আজ শনিবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম এ কথা বলেন। সেখানে জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় কাউন্সিল-২০২৫ অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, অতীতের রাষ্ট্রপরিচালকেরা উচ্চশিক্ষিত হওয়ার পরও তাঁরা প্রমাণ করতে পারেননি, সবাই নৈতিক শিক্ষায় শিক্ষিত। এ জন্য ৫৩ বছরের রাষ্ট্রপরিচালকরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন। দেশের অর্থ বিদেশে পাচার করে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছেন। বাংলাদেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, এটা দেশের জন্য দুঃখজনক কথা। তাঁরা ঐক্যবদ্ধ হয়ে জাতিকে সুন্দর একটি দেশ উপহার দিতে চান। এ জন্য দেশবাসীর সহযোগিতা কামনা করছেন।
শিক্ষকেরা আদর্শ নাগরিক গড়ার কারিগর উল্লেখ করে মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, এই মানুষ গড়ার কারিগরদের ঐক্যবদ্ধ করার জন্য জাতীয় শিক্ষক ফোরাম কাজ করছে। প্রত্যেক মুসলিম সন্তান যাতে দ্বীনি শিক্ষা অর্জন করতে পারে, সে জন্য প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলকভাবে করার দাবি জানান তিনি।
জাতীয় শিক্ষক ফোরামের ২০২৩-২৪ বর্ষের কমিটি বিলুপ্ত করেন চরমোনাই পীর। পরি তিনি অধ্যাপক নাছির উদ্দিন খানকে সভাপতি, মাওলানা এ বি এম জাকারিয়াকে সহসভাপতি ও প্রভাষক আবদুস সবুরকে সেক্রেটারি জেনারেল করে ২০২৫-২৬ বর্ষের নতুন কমিটি ঘোষণা করেন।
জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নাসির উদ্দিন খানের সভাপতিত্বে সেক্রেটারি জেনারেল আবদুস সবুরের সঞ্চালনায় কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। অন্যান্যের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, মোকামিয়ার পীর মাওলানা মাহমুদুল হাসান ফেরদৌস, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আরিফুল ইসলাম, কামরুল আহসান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শহিদুল হক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবদুল মোমিন বক্তব্য দেন।