দমনপীড়ন করে সরকারের শেষ রক্ষা হবে না
বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকার যেভাবে হামলা করেছে, এতে তারা যে চরম বেসামাল অবস্থায় রয়েছে, তা প্রমাণ হয়েছে। দমনপীড়ন করে সরকারের শেষ রক্ষা হবে না। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছত্রচ্ছায়ায় সরকারি দলের সন্ত্রাসীরা যেভাবে হামলা করেছে, এর দায়দায়িত্ব তাদেরই বহন করতে হবে।
শনিবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে গণতন্ত্র মঞ্চের নেতারা এসব কথা বলেন।
রাজধানীর গাবতলীতে গণতন্ত্র মঞ্চের অবস্থান কর্মসূচি থেকে মঞ্চের নেতা ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলামসহ বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার ও হামলার প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ হয়। বিক্ষোভ-সমাবেশের পর মঞ্চের নেতা-কর্মীরা একটি প্রতিবাদী মশাল মিছিল বের করেন। মিছিলটি তোপখানা রোড, বিজয়নগর হয়ে পল্টনে গিয়ে শেষ হয়।
মঞ্চের কেন্দ্রীয় নেতা ভাসানী অনুসারী পরিষদের সদস্যসচিব হাবিবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মঞ্চের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ুম, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্ কায়সার প্রমুখ।
সমাবেশ থেকে অবিলম্বে শেখ রফিকুল ইসলামসহ গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তির দাবি জানানো হয়।