চুক্তি নিয়ে অন্তর্বর্তী সরকার জামায়াতের সঙ্গে কোনো আলোচনা করেনি, দাবি শফিকুর রহমানের

জামায়াতের আমির শফিকুর রহমান

অন্তর্বর্তী সরকারের সময়ে হওয়া বিভিন্ন চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি বলে দাবি করেছেন দলটির আমির শফিকুর রহমান। আজ শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ দাবি করেন তিনি।

পোস্টে জামায়াতের আমির লেখেন, ‘বিগত অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন দেশের সঙ্গে সরকার কয়েকটি চুক্তি সম্পাদন করেছে; কিন্তু দুঃখজনকভাবে এ ধরনের কোনো চুক্তি নিয়ে সরকার আমাদের সঙ্গে কোনো আলোচনা করেনি।’

শফিকুর রহমান লেখেন, ‘আমরা বহুবার দাবি জানিয়েছিলাম যে সংসদ না থাকার কারণে সরকার বিভিন্ন জাতীয় ইস্যুতে যেভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছে, ঠিক সেভাবেই আন্তর্জাতিক চুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতেও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল।’

সদ্য বিদায় নেওয়া অন্তর্বর্তী সরকার জামায়াতের দাবিগুলোকে আমলে নেয়নি অভিযোগ করে দলটির আমির আরও লেখেন, ‘এ বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট এবং এখানে কোনো ধরনের ধোঁয়াশা তৈরি করার সুযোগ নেই।’