যোগাযোগ খাতে দুর্নীতি মৃত্যুফাঁদে পরিণত হয়েছে: ইসলামী আন্দোলনের আমির
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, গতকাল দৌলতদিয়া ঘাটের দুর্ঘটনাসহ এবারের ঈদে বিভিন্ন দুর্ঘটনা দেশের যোগাযোগব্যবস্থার ৫৫ বছরের ব্যর্থতার সমন্বিত পরিণতি। যোগাযোগ খাতে দুর্নীতি এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নিয়মিত বৈঠকে দলের আমির এ কথা বলেন। পরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের বিষয়ে জানানো হয়।
বৈঠকে স্বাধীনতার অর্ধশতাব্দী পরও দেশের যোগাযোগ অবকাঠামোর অবস্থা প্রাগৈতিহাসিক কালের মতো ভঙ্গুর ও দুর্ঘটনাপ্রবণ বলে মন্তব্য করেন সৈয়দ রেজাউল করিম। তিনি বলেন, বিগত ৫৫ বছরে যারা দেশ পরিচালনা করেছে, তাদের সবাইকে এর দায় নিতে হবে।
ইসলামী আন্দোলনের আমির বলেন, অতীতের সব সরকার যোগাযোগ খাতকে ব্যয়ের অন্যতম প্রধান খাত হিসেবে বিবেচনা করলেও পদে পদে দুর্নীতিতে এই খাত এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।
নতুন সরকারের প্রতি আহ্বান জানিয়ে সৈয়দ রেজাউল করিম বলেন, ‘গণযোগাযোগ খাতকে গুরুত্ব দিন। সকল ধরনের সিন্ডিকেটবাজিকে উপেক্ষা করুন। গাড়ির ফিটনেস, চালকের লাইসেন্সসহ এই খাতের সকল স্তরে বিশ্বমান অনুসরণ করুন।’
এ সময় এবারের ঈদে দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান ইসলামী আন্দোলনের আমির।