সরকার করোনার তিন টিকা দিয়েছে, বিএনপির জন্য এক্সট্রা ডোজও আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপি সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অবস্থান কর্মসূচি ও সমাবেশ করছে
ছবি: দীপু মালাকার

সরকার করোনাভাইরাসের বুস্টার ডোজ টিকা দিয়েছে। এখন বিএনপি নেতাদের জন্য এক্সট্রা ডোজও রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

আজ সোমবার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বিএনপি সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও দেশবিরোধী ষড়যন্ত্র করছে দাবি করে এর বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ও সমাবেশে এ কথা বলেন তিনি। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করে।

হাছান মাহমুদ বলেন, ‘আমি কাগজে দেখলাম, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাস সাহেব হাসপাতালে ভর্তি হয়েছেন। আমি তাঁদের রোগমুক্তি কামনা করি। রোগমুক্তি লাভ করে আমাদের বিরুদ্ধে বক্তব্য রাখুক, সেটাই চাই। আমাদের সরকার করোনাভাইরাসের তিনটা টিকা দিয়েছে—প্রথম ডোজ, দ্বিতীয় ডোজ এবং বুস্টার ডোজ। এখন এক্সট্রা ডোজও একটা দিচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গয়েশ্বর চন্দ্র বাবু, মির্জা আব্বাসসহ ওদের নেতাদের জন্য আমরা এক্সট্রা ডোজও রেখেছি। আপনারা এক্সট্রা ডোজ নিন। আপনারা সুস্থ থাকুন, সরকারে সমালোচনা করুন। কিন্তু দেশে অশান্তি সৃষ্টি করবেন না। তাহলে দেশের মানুষ প্রতিহত করবে।’

বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের অবস্থান কর্মসূচি ও সমাবেশের নেতারা
ছবি: দীপু মালাকার

জেল থেকে বের হওয়ার পর মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের সুর পাল্টেছে বলে দাবি করেন হাছান মাহমুদ। তিনি বলেন, ‘তাঁরা বলছেন আমরা সরকারকে ধাক্কা দিতে চাই না। ধাক্কা দিতে গিয়ে তারা (বিএনপি) নিজেরাই পড়ে গেছে। সেই জন্য এখন লাইনে এসেছেন।’

হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির নেতারা বলেছিলেন, আমরা পদ্মা সেতু করতে পারব না। এখন তারা গোপনে পদ্মা সেতুর ওপারে যায়। ওপারে গিয়ে আমাদের বিরুদ্ধে বক্তৃতা করে। মেট্রোরেলে সমগ্র বাংলাদেশ খুশি। পত্রপত্রিকায় দেখেছেন, বিএনপির এটা ভালো লাগে না। পদ্মা সেতুতে গোপনে উঠেছেন। করোনার টিকার বিরুদ্ধেও অপবাদ দিয়ে গোপনে টিকা নিয়েছিলেন। এখন আমরা অপেক্ষায় আছি কখন আপনারা মেট্রোরেলে চড়বেন। তারা মেট্রোরেলেও চড়বে।’

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার অধীন দ্বাদশ জাতীয় নির্বাচন, বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে বিএনপিসহ সমমনা দলগুলো আজ সারা দেশ বিক্ষোভ সমাবেশ করছে। তাদের কর্মসূচি থেকে সহিংসতা হতে পারে দাবি করে আজ রাজধানীতে অবস্থান ও সমাবেশ করছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। একই দাবিতে বিকেলে ভাটারা নতুনবাজারে সমাবেশ করবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এদিকে রাজধানীর বিভিন্ন মোড়ে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীরা অবস্থান নিয়েছেন।