ভোটের আগে সবাই মাজারে যায়, কিন্তু হামলা হলে কেউ আসে না: এবি পার্টির চেয়ারম্যান
আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ভোটের আগে সবাই মাজারে যায়, কিন্তু মাজারে হামলা হলে কেউ সহমর্মিতা দেখাতে আসে না। রাজধানীর শাহ আলীর মাজারে হামলার প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।
আজ রোববার সকালে রাজধানীর মিরপুরে মাজার প্রাঙ্গণে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাধু-গুরু-ভক্ত ও ওলি-আউলিয়া আশেকান পরিষদ এবং ভাব বৈঠকী সভা যৌথভাবে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
সাম্প্রতিক সময়ে মাজার ও মাজারভক্তদের ওপর হামলাকে বিরুদ্ধ মতের ওপর হামলা উল্লেখ করে জুলুম ও বৈষম্যবিরোধী নাগরিকদের দলমত–নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবি পার্টির চেয়ারম্যান।
মজিবুর রহমান বলেন, ‘ছোটবেলায় অনেকেই ভক্তিসহকারে মাজার জিয়ারত ও মোমবাতি জ্বালিয়েছেন। পরে আলেমদের কাছ থেকে এসব ধর্মমতে সহিহ নয় জেনে তা পরিহার করেছেন।’
এবি পার্টির চেয়ারম্যান বলেন, আলেমরা কখনো হামলার মাধ্যমে এসব বন্ধ করতে উদ্বুদ্ধ করেননি। তিনি বলেন, যুক্তি দিয়ে মানুষকে বোঝানো ও সংশোধন করাই ইসলামের কাজ। বিরুদ্ধ মতের ওপর শক্তি প্রয়োগ বা হামলা সমর্থনযোগ্য নয়। এ সময় সারা দেশের মাজারগুলোতে ক্লোজড সার্কিট (সিসিটিভি) ক্যামেরা স্থাপনের দাবি জানান মজিবুর রহমান। পাশাপাশি মাদকবিরোধী অভিযান সচিবালয় ও জাতীয় সংসদ থেকে শুরু করার আহ্বান জানান তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। মোহাম্মদ রোমেলের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, ফরিদুল হক প্রমুখ। এতে মাজারভক্ত, সাধক, বাউলেরা অংশ নেন।