সাক্ষাৎকার: মুজিবুল হক

আশ্বাসে নির্বাচনে যাচ্ছে জাতীয় পার্টি

নির্বাচন সামনে রেখে আসন-ভাগাভাগি বা সমঝোতার বিষয়ে ১৪-দলীয় জোটের শরিক, এমনকি জাতীয় পার্টির সঙ্গেও আলোচনা করছে আওয়ামী লীগ। এ নিয়ে গতকাল জোটের শরিক মিত্র জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর সাক্ষাৎকার নিয়েছেন সেলিম জাহিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো:

আওয়ামী লীগের সঙ্গে আপনাদের আসন–সমঝোতা কত দূর?

মুজিবুল হক: আসনের বিষয়ে কোনো আলোচনা হয় নাই।

প্রথম আলো:

তাহলে কী নিয়ে আলোচনা হয়েছে?

মুজিবুল হক: নির্বাচনটা যাতে ভালোভাবে হয়, দুর্বল না হয়, সন্তোষজনকভাবে হয় এবং পুলিশ যাতে সহযোগিতা নির্বাচন কমিশনকে করে, এ বিষয়ে।

প্রথম আলো:

কী আশ্বাস পেলেন?

মুজিবুল হক: তারা বলছে নির্বাচন সুষ্ঠু করার জন্য, শান্তিপূর্ণ করার জন্য, নির্বিঘ্ন করার জন্য যা যা সহযোগিতা নির্বাচন কমিশনের প্রয়োজন, তা করবে এবং তারা কোনো হস্তক্ষেপ করবে না, দলীয় কর্মীদের নির্দেশ দেবে, যাতে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে কোনোরকম জোরজবরদস্তি না করে। ভোটাররা যাতে নির্বিঘ্ন আসতে পারে, এ রকম পরিবেশ হয়, সেটার ব্যবস্থা করবে।

প্রথম আলো:

আপনারা কি আশ্বস্ত হয়েছেন?

মুজিবুল হক: বিশ্বাস করতে চাই। আর তো কোনো রাস্তা নাই।

প্রথম আলো:

২০১৮ সালেও তো আশ্বাস দিয়েছিল।

মুজিবুল হক: ওই সময়েও তো আমরা এ কথাগুলোই বলে এসেছি। আর তো কোনো পথ নেই।

প্রথম আলো:

চেয়ারম্যান (জাপার চেয়ারম্যান জি এম কাদের) এত দিন বলেছেন, এই সরকারের অধীন নির্বাচন সুষ্ঠু হবে না। এখন কীভাবে আশ্বস্ত হলেন?

মুজিবুল হক: নির্বাচন কমিশনও খুব জোরালোভাবে আশ্বাস দিয়েছে যে নির্বাচন যাতে ভালোভাবে হয়, ভোটাররা যাতে আসতে (কেন্দ্রে) পারে, ভোট দিতে পারে, সে পরিবেশ তারা তৈরি করবে। এই কথাগুলো বিশ্বাস করা ছাড়া তো কাগজপত্র, দলিল করার কোনো সুযোগ নাই।

প্রথম আলো:

তাহলে আপনারা কোনো আসন–সমঝোতা চান না, সুষ্ঠু নির্বাচন চান।

মুজিবুল হক: না। কোনো আসনের বিষয়ে আমাদের কোনো আলোচনা হয় নাই। আমরা সুষ্ঠু নির্বাচন চাই। সুষ্ঠু নির্বাচন হলে আমরা সংখ্যাগরিষ্ঠতা পাব আশা করি।

প্রথম আলো:

বিএনপি নির্বাচনে নেই। তাই আপনাদের আকাঙ্ক্ষা, সে ভোটগুলো পাওয়া?

মুজিবুল হক: অবশ্যই। কারণ, আমাদের আর বিএনপির ভোট একই ভোট। আওয়ামী লীগের প্রার্থী থাকলে কখনোই আমরা দলটির ভোট পাওয়ার আশা করতে পারি না। আওয়ামী লীগবিরোধী ভোটগুলো আমরা পাওয়ার আশা করি। সে ক্ষেত্রে আমরা মনে করি আমরা ভালো করব।

প্রথম আলো:

তাহলে কি এটাই ছিল জাতীয় পার্টির কৌশল? বিএনপির ভোট টানার জন্য এত দিন জাতীয় পার্টি এই কৌশলের অপেক্ষায় ছিল?

মুজিবুল হক: নির্বাচনের জন্য জাতীয় পার্টির একটি কৌশল কেন, আরও অনেক কৌশল থাকতে পারে। সব কৌশল তো আমরা প্রকাশ করব না।

প্রথম আলো:

আপনারা কি মনে করেন, লাঙ্গল প্রতীক নিয়েই জয়ী হতে পারবেন?

মুজিবুল হক: মানুষ ভোট দিলে লাঙ্গল কেন, লোটা নিয়েও পাস করা যাবে। আর মানুষ ভোট না দিলে শুধু প্রতীক দিয়ে তো কাজ হবে না। আমাদের বিশ্বাস, আওয়ামী লীগবিরোধী ভোট যদি আমাদের দেয়, তাহলে আমরা ভালো করতে পারব।

প্রথম আলো:

এবারও ভোটকেন্দ্র দখল হওয়ার আশঙ্কা করেন?

মুজিবুল হক: আমরা তো আশ্বাসে যাচ্ছি। যদি এ রকম কিছু হয়, তখন আমরা তাৎক্ষণিকভাবে চিন্তা করব, কী করা যায়।