‘শান্তি সমাবেশে’ নেতা-কর্মীদের বিশৃঙ্খলায় চটলেন হানিফ
আওয়ামী লীগের ‘শান্তি সমাবেশে’ এসে শৃঙ্খলা না মানায় নেতা-কর্মীদের ওপর চটেছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক (সিলেট ও চট্টগ্রাম বিভাগ) মাহবুব উল আলম হানিফ। আজ বুধবার বিকেলে রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা মোড়ে আওয়ামী লীগের এক সমাবেশে এ ঘটনা ঘটে।
‘বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে শান্তি’ শীর্ষক এই ‘শান্তি সমাবেশের’ আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।
সমাবেশে আওয়ামী লীগের স্থানীয় বিভিন্ন নেতার ছবি–সংবলিত ব্যানার নিয়ে তাঁদের সমর্থকেরা হাজির হন। মাইকে বারবার ব্যানার নামিয়ে ফেলতে বলা হলেও তাঁরা তা করেননি।
বক্তব্য দিতে এসে শুরুতেই এ বিষয়ে বিরক্ত প্রকাশ করেন মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, ‘আপনাদের যে শৃঙ্খলা, তা নিয়ে আওয়ামী লীগ বারবার ক্ষমতায় আসতে পারবে না। এখানে যে ব্যানার তুলেছে, এরা কারা? এরা আওয়ামী লীগের নেতা-কর্মী? এরা দলকে ভালোবাসে? তাঁরা নেতাকে ভালোবাসে। নেতার ছবি দেখানোর জন্য এখানে আসছে। ওরা কেউ দলকে ভালোবাসে না। যদি দলকে ভালোবাসত, তাহলে এভাবে ব্যানার নিয়ে এসে সামনে দিত না।’
আওয়ামী লীগের এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘দলের লোক দেখতে পারেনি বলে আস্তে আস্তে সরে চলে গেছে। অর্ধেক লোকও নেই। অর্ধেক লোক চলে গেছে শুধু ব্যানারগুলোর জন্য। তাদের নাম বলতে হবে, তারপর ব্যানার গোটাবে। কেন? ব্যানার নিয়ে সামনে এসে দাঁড়ান। জনগণ দেখতে চাই না, আপনাদের ব্যানারই দেখি বসে বসে। বারবার বলার পরও আপনাদের ন্যূনতম লজ্জাবোধ নেই।’
এসব কথা বলার পর কিছু সময়ের জন্য ব্যানার গুটিয়ে ফেলেন নেতা-কর্মীরা। তারপর আবার সমাবেশে তাঁদের ব্যানার তুলে ধরতে দেখা যায়।
মঞ্চের সামনের সারিতে চেয়ারে বসা নেতাদের সামনে দাঁড়ানো তরুণদের উদ্দেশে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘এই ছেলেগুলো কারা? তোমাদের পেছনে মুরব্বিরা বসে আছেন না? তোমাদের মধ্যে কোনো শিষ্টাচার নাই যে, তোমাদের পেছনে সিনিয়রেরা বসে আছেন, আর তোমরা সামনে দাঁড়িয়ে আছো। হয় বসো, নাহলে এখান থেকে সরে যাও।’
দেশে বর্তমানে দুটি ধারার রাজনীতি চলছে উল্লেখ করে আওয়ামী লীগের এই কেন্দ্রীয় নেতা বলেন, একটি পক্ষ শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ হয়ে সরকারকে সহযোগিতা করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। অপর দিকে বিএনপি-জামায়াতপন্থীরা সারা দেশে নতুন করে উন্নয়ন-অগ্রগতির বিরুদ্ধে একটি ধারার রাজনীতি সৃষ্টি করেছে। তাদের লক্ষ্য দেশকে অস্থিতিশীল করে রাষ্ট্র ক্ষমতা দখল করা।
বিএনপির উদ্দেশ্যে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘আন্দোলন আন্দোলন করে লাভ নেই। আপনাদের এই আন্দোলন খেলা বন্ধ করুন। আপনাদের এই খেলা গত ১০ ডিসেম্বর শেষ হয়েছে। এখন আর আন্দোলন খেলা করে লাভ হবে না। বরং আগামী নির্বাচনে অংশ নিয়ে আপনাদের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করুন।’
সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মির্জা আজম, সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) সুজিত রায় নন্দী প্রমুখ।
সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী। সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।