সংবিধান সংশোধনে সম্মিলিতভাবে প্রস্তাব আনব: চিফ হুইপ
জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম বলেছেন, ‘যদিও বর্তমানে সংবিধান সংশোধনের বিষয়ে আমাদের (সরকারি দল) ও বিরোধী দলের মধে৵ কিছু মতপার্থক্য আছে, তবে আমরা সবাই ঐকমত্যে আসব এবং সম্মিলিতভাবে প্রস্তাব আনব।’
আজ বুধবার দুপুরে জাতীয় সংসদের টানেলে সাংবাদিকদের এ কথা বলেন চিফ হুইপ। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
চিফ হুইপ বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হলো গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা এবং দেশের গঠনমূলক উন্নয়নে কাজ করা। পার্লামেন্টে আমরা আলোচনা–সমালোচনার মাধ্যমেই সমৃদ্ধ হতে চাই এবং দেশপ্রেমের জায়গা থেকে ঐকমতে৵ পৌঁছানো এখন সময়ের ব্যাপার মাত্র।’
গণমাধ্যমের নেতিবাচক খবরের পাশাপাশি ইতিবাচক খবরগুলোও তুলে ধরার আহ্বান জানান চিফ হুইপ। তিনি বলেন, চট্টগ্রামে অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি লিমিটেড বন্ধ হওয়ার সংবাদটি গুরুত্বসহকারে মিডিয়ায় প্রচারিত হয়েছে। এই সংবাদের সঙ্গে সম্পর্কিত দুই লাখ মেট্রিক টন তেল নিয়ে দুটি জাহাজ ঘাটে নোঙর করার সংবাদটিও প্রচার করা উচিত ছিল।
নূরুল ইসলাম বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর থেকে দেশের সার্বিক কল্যাণে কাজ করছেন। মানবিক কল্যাণ, মানবিক রাষ্ট্রগঠন, গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখাই তাঁর প্রধান লক্ষ্য। সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনীয় সব কাজ করার পাশাপাশি তিনি সব ক্ষেত্রে বিচারব্যবস্থা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন।’