বিএনপি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: তথ্যমন্ত্রী
বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি সারা দেশের জেলায় জেলায় বিক্ষোভের ডাক দিয়েছে। এগুলো করে তারা আসলে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এর আগের কর্মসূচিতে তারা গাড়ি পুড়িয়েছে। আওয়ামী লীগের শান্তি সমাবেশে হামলা চালিয়েছে।
সরকারি দল হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে জনগণের পাশে থাকা, যাতে দেশে কেউ শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে না পারে।’
আজ শুক্রবার রাত আটটার দিকে চট্টগ্রাম নগরের সার্কিট হাউসে উন্নয়ন সমন্বয় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। সমন্বয় সভায় তথ্যমন্ত্রী প্রধান অতিথির বক্তব্য দেন। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার আমিনুর রহমান। এতে বিভিন্ন সংস্থার প্রধান ও প্রতিনিধিরা অংশ নেন।
সভায় হাছান মাহমুদ বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা সরকার গঠন করার পর ঘোষণা করেছিলেন, বাংলাদেশের মাটি ব্যবহার করে পার্শ্ববর্তী কোনো দেশে অশান্তি সৃষ্টি করা সহ্য করবেন না। অস্ত্র চোরাচালান সম্পূর্ণভাবে বন্ধ করা হয়েছে। গত বছর আমি ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো সফরে গিয়েছিলাম। বিএনপির সময়ে হাওয়া ভবন এবং তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় অস্ত্র চোরাচালান হয়েছে, কিন্তু বর্তমানে বাংলাদেশের মাটি ব্যবহার করে সেগুলো হচ্ছে না, সে জন্য আসামের মুখ্যমন্ত্রী আমার কাছে কৃতজ্ঞতা জানিয়েছিলেন।’
আওয়ামী লীগ কোনো পাল্টা কর্মসূচি দিচ্ছে না বলে জানান হাছান মাহমুদ। তিনি বলেন, ‘যারা রাজনীতির নামে মানুষ পুড়িয়ে হত্যা করেছে, জনগণের সহায়–সম্পত্তিতে আগুন দিয়েছে, তারা যে আবার কখন একই কাজ করবে না, সেটি বলা যায় না। তাই শনিবার প্রতিটি জেলায় শান্তি সমাবেশ করব। সতর্ক দৃষ্টি রাখব, যাতে কেউ বিশৃঙ্খলা তৈরি করতে না পারে। কারণ, বিএনপির মূল উদ্দেশ্যই হচ্ছে বিশৃঙ্খলা তৈরি করা।’
কোনো রাজনৈতিক দলের কর্মসূচি বা কোনো দলকে দমানোর চেষ্টা করা হচ্ছে না বলে উল্লেখ করেন তথ্যমন্ত্রী। তিনি সভায় বলেন, ‘এ ধরনের উদ্দেশ্য থাকলে বিএনপি কোনো কর্মসূচি করতে পারত না। আমরা যখন বিরোধী দলে ছিলাম, তখন বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ের দুই পাশে কাঁটাতারের বেড়া থাকত। সেখান থেকে আমাদের বের হতে দেওয়া হতো না। এমনকি কেন্দ্রীয় কার্যালয়ে তারা (বিএনপি) তালা ঝুলিয়ে দিয়েছিল। অভিযান চালিয়েছিল।’