প্রতিবন্ধী তুহিন হাওলাদার তাঁর জীবনে এবারই প্রথম ভোট দিয়েছেন। বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিয়ে তুহিন বলেন, তিনি ভীষণ খুশি।
আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে বরিশাল সিটি করপোরেশনের আলেকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তুহিন। তাঁর সঙ্গে ছিলেন পরিবারের সদস্যরা।
ভোট দেওয়ার পর তুহিন প্রথম আলোর কাছে তাঁর প্রতিক্রিয়া জানান। তুহিন বলেন, আজ তিনি তাঁর জীবনে প্রথম ভোট দিলেন। ভোট দিয়ে তিনি ভীষণ খুশি।
বরিশাল সিটি করপোরেশনের এবারের নির্বাচনে ১২৬টি কেন্দ্রের সব কটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ হচ্ছে।
ইভিএমে ভোট দেওয়ার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তুহিন বলেন, পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে ছিলেন। ইভিএমে ভোট দিতে তাঁর তেমন সমস্যা হয়নি।
বরিশাল সিটির এবারের নির্বাচনে শারীরিক প্রতিবন্ধী, অসুস্থ ও বয়স্ক ভোটারের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা গেছে।
আলেকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আজ ভোট দেন শহরের সার্কুলার রোড এলাকার বাসিন্দা ৮৬ বছর বয়সী হোসেন শরীফ।
ভোট দেওয়ার পর হোসেন শরীফ প্রথম আলোকে বলেন, বয়সের কারণে কেন্দ্রে আসতে কষ্ট হয়েছে। তারপর আবার সিঁড়ি বেয়ে দোতলায় উঠতে হয়েছে। তিনি চোখেও ভালো দেখেন না। তারপরও ভোট দিলেন।