বিএনপির সমাবেশ সামনে রেখে ঢাবিতে ছাত্রলীগের অবস্থান–মহড়া
আগামীকাল শনিবার (১০ ডিসেম্বর) বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সতর্ক অবস্থান নিয়েছে ছাত্রলীগ।
গতকাল বৃহস্পতিবার থেকে ঢাবি ক্যাম্পাসে ছাত্রলীগের এই অবস্থান শুরু হয়। এর অংশ হিসেবে আজ শুক্রবার দিনভর ক্যাম্পাসে মহড়া দিচ্ছেন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠনটির নেতা-কর্মীরা।
কালকের সমাবেশকে কেন্দ্র করে ঢাবি ক্যাম্পাস এলাকায় বিএনপি বা ছাত্রদলের যেকোনো ধরনের তৎপরতা রুখতেই ছাত্রলীগ সতর্ক অবস্থান নিয়েছে বলে সূত্র জানিয়েছে। অবশ্য ছাত্রলীগের পক্ষ থেকে এই অবস্থান ও মহড়াকে ‘শান্তির সপক্ষে লড়াই’ বলা হচ্ছে।
৩ ডিসেম্বর সম্মেলনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। তারপর কয়েক দিন শাখা ছাত্রলীগের বিদায়ী সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক কোনো সাংগঠনিক তৎপরতা ছিল না।
গত বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখা ছাত্রলীগের নেতা-কর্মীদের পরদিন বৃহস্পতিবার সকাল থেকে ক্যাম্পাসে সতর্ক অবস্থান নেওয়ার নির্দেশ দেন সনজিত-সাদ্দাম। কেন্দ্রীয় ছাত্রলীগ থেকেও একই নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনার পর গতকাল সকাল থেকে ক্যাম্পাসের টিএসসি, মধুর ক্যানটিন, নীলক্ষেত, কেন্দ্রীয় শহীদ মিনার, কার্জন হল, হাইকোর্ট মোড়সহ বিভিন্ন এলাকায় অবস্থান নেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। তাঁরা ছাত্রদল ও বিএনপির বিরুদ্ধে নানা স্লোগান দেন।
বিভিন্ন হল শাখার নেতা-কর্মীদের মোটরসাইকেলে করে শোডাউন দিতেও দেখা গেছে।
আজ শুক্রবার সকাল থেকে ক্যাম্পাসের প্রবেশমুখসহ বিভিন্ন এলাকায় অবস্থান নেন ছাত্রলীগের হল শাখার নেতা-কর্মীরা। নেতা-কর্মীরা সকাল থেকে ক্যাম্পাসে মোটরসাইকেলের শোডাউন দিচ্ছেন। তাঁদের ‘ছাত্রদলের গুন্ডারা, হুঁশিয়ার সাবধান’ বলে স্লোগান দিতে দেখা গেছে। ক্যাম্পাসে ছাত্রলীগের এই অবস্থান অব্যাহত থাকবে বলা জানা গেছে।
সাংস্কৃতিক প্রতিরোধ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীদের ব্যানারে আগামীকাল রাজু ভাস্কর্যের পাদদেশে ‘বিজয় মঞ্চ: সন্ত্রাস রুখতে সাংস্কৃতিক প্রতিরোধ’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
দিনব্যাপী এই আয়োজনে প্রতিবাদী গান, নৃত্য, আবৃত্তি, মঞ্চনাটক, মূকাভিনয়, বিতর্কসহ নানা পরিবেশনা থাকবে। আয়োজনে সচেতন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিভিত্তিক সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো ‘সচেতন শিক্ষার্থীবৃন্দের’ ব্যানারে আগামীকালের এই সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে বলে জানা গেছে।
গতকাল সন্ধ্যায় টিএসসিভিত্তিক সংগঠনগুলোর নেতাদের সঙ্গে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিদায়ী সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের এক বৈঠকের পর এই আয়োজনের ঘোষণা আসে।
‘শান্তির সপক্ষে লড়াই’
ক্যাম্পাসে অবস্থান ও সাংস্কৃতিক আয়োজনকে ‘শান্তির সপক্ষে লড়াই’ বলে অভিহিত করেছেন ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ডে আজ ক্যাম্পাসের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় তাঁরা ঐক্যবদ্ধ আছেন। শান্তির সপক্ষে এই লড়াইয়ের মাধ্যমে বাংলার মাটি থেকে সন্ত্রাসীদের মূলোৎপাটন করতে হবে।