সংরক্ষিত নারী আসনের ৪৯ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ বৃহস্পতিবার

আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে এক প্রেস ব্রিফিং করেন রিটার্নিং কর্মকর্তা মো. মহিউদ্দিন খান। ২৯ এপ্রিলছবি: প্রথম আলো

সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে আগামীকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ইসির যুগ্ম সচিব মঈন উদ্দীন খান।

আজ বুধবার বিকেলে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

এই ৪৯ জন প্রার্থীর মধ্যে রয়েছে বিএনপির ৩৬ জন; জামায়াতে ইসলামী, এনসিপিসহ ১১–দলীয় জোটের ১২ জন ও স্বতন্ত্র ১ জন।

রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খান বলেন, জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন–২০০৪ অনুযায়ী, ১৮ এপ্রিল তফসিল ঘোষণা করা হয়েছিল। তফসিল অনুযায়ী আজ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল। কিন্তু এই সময়ের মধ্যে কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেননি। যতটি শূন্য পদ ছিল, তার ঠিক সমপরিমাণ মনোনয়নপত্র জমা হয়েছে। তাই নির্বাচন কমিশনের আইন অনুযায়ী আগামীকাল গেজেট প্রকাশ করা হবে।

দুজন প্রার্থী আদালতে আপিল করেছেন উল্লেখ করে এই রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘একজন প্রার্থী আদালতে আপিল করেছেন, তবে এ–সম্পর্কিত কোনো তথ্য আমাদের কাছে নেই। আরেকজন প্রার্থী নুসরাত তাবাসসুম রিটপিটিশন করেছিলেন। সেই আপিলের রায় নির্বাচন কমিশনে এসেছে। মাননীয় আদালত ৭২ ঘণ্টার মধ্যে উনার মননোয়নপত্রটি গ্রহণ করে নিষ্পত্তি করতে বলেছেন। আমরা মাননীয় আদালতের নির্দেশনা অনুযায়ী কাজটি করছি।’

আরও পড়ুন