ক্ষমতাসীনেরা লুটপাটের মহোৎসব সৃষ্টি করেছে: সিপিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিপিবির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সোমবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়
ছবি: প্রথম আলো

ক্ষমতাসীন আওয়ামী লীগ লুটপাটের মহোৎসবে মত্ত, আর বিএনপিসহ বিরোধী দলগুলো দেউলিয়াপনা ঘোচাতে ব্যর্থ বলে মনে করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

সিপিবি নেতারা বলেছেন, মানুষের ন্যূনতম ভোটের অধিকার হরণ করা হয়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধি দৈনন্দিন ঘটনায় পরিণত হয়েছে। জনগণ দুঃশাসনে অতিষ্ঠ।

সিপিবির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত বছরব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশে দলটির নেতারা এসব কথা বলেন। আজ সোমবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হয়।

সমাবেশে সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম বলেন, নানা সংকটের মধ্যেও ৭৫ বছর ধরে আদর্শবাদী ও শ্রেণিভিত্তিক দল হিসেবে সিপিবি আন্দোলন এবং লড়াই–সংগ্রামের ধারাকে অব্যাহত রেখেছে। সব শোষণ–বঞ্চনার বিরুদ্ধেও সিপিবি বরাবরই সরব থেকেছে।

৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ ঢাকার বিভিন্ন থানাসহ সারা দেশে সিপিবির জেলা সদর, উপজেলা ও থানায় দলের কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। বিভিন্ন জেলা-উপজেলায় সমাবেশ-র‌্যালিও করে দলটি।

সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন বলেন, আজকের আওয়ামী লীগ ও বিএনপির দ্বিদলীয় লুটপাট ও ক্ষমতার ভাগ–বাঁটোয়ারার ধারার বিপরীতে সিপিবি লড়াই-সংগ্রাম চালিয়ে যাচ্ছে।

আওয়ামী লীগ লুটপাটের এক মহোৎসব সৃষ্টি করেছে মন্তব্য করে রুহিন হোসেন বলেন, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মানবেতর জীবন যাপন করলেও কিছু মানুষ বিদেশে লাখো কোটি টাকা পাচার করছে। কিন্তু এর কোনো বিচার হচ্ছে না।

বিএনপিসহ অন্যান্য বিরোধী রাজনৈতিক শক্তি বিগত দিনের দেউলিয়াপনা আজও ঘোচাতে ব্যর্থ মন্তব্য করে সিপিবির এই নেতা বলেন, জামায়াতে ইসলামীসহ সাম্প্রদায়িক দলগুলো বরাবরের মতো একটি সাম্প্রদায়িক রাষ্ট্র বানানোর স্বপ্নে বিভোর। এ সুযোগে বিরাজনীতিকরণের শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশ শেষে মিছিল বের করেন সিপিবির নেতা–কর্মীরা
ছবি: প্রথম আলো

সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, নির্বাচন ব্যবস্থার সংস্কারসহ নির্দলীয়–নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিও জানান রুহিন হোসেন।

সমাবেশে আরও বক্তব্য দেন সিপিবির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ। এ সময় উপস্থিত ছিলেন দলটির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম, সভাপতিমণ্ডলীর সদস্য শাহীন রহমান, অধ্যাপক এ এন রাশেদা প্রমুখ।

সমাবেশ শেষে একটি মিছিল পুরানা পল্টন, দৈনিক বাংলা, মতিঝিল, দিলকুশা, গুলিস্তান হয়ে সিপিবি কার্যালয়ে এসে শেষ হয়।

৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ ঢাকার বিভিন্ন থানাসহ সারা দেশে সিপিবির জেলা সদর, উপজেলা ও থানায় দলের কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। বিভিন্ন জেলা-উপজেলায় সমাবেশ-র‌্যালিও করে দলটি।