বাবা-চাচা, স্ত্রী-বোনেরা মিলে ভোট দিতে এলেন ১০ জন

ভোট দিয়ে সেলফি তুলছেন একসঙ্গে ভোট দিতে আসা মিরপুরে এক পরিবারের ১০ সদস্য। ছবিটি দুপুরে হযরত শাহ আলী মহিলা কলেজ ভোটকেন্দ্র থেকে তোলাছবি: ড্রিঞ্জা চাম্বুগং

রাজধানীর মিরপুরের হযরত শাহ আলী মহিলা কলেজ ভোটকেন্দ্রের মাঠে আনসার সদস্যরা জটলা না পাকাতে লাগাতার মাইকিং করছেন। এরই মধ্যে দেখা মিলল এক ভিন্ন দৃশ্যের। ১০ জনের একটি দল থেকে নয়জন মাঠে গিয়ে দাঁড়ালেন। আর একজন কিছুটা সামনে এগিয়ে মুঠোফোনে সেলফি তুললেন।

এই ১০ জনের দলটি একসঙ্গে ভোট দিতে এসেছেন। কথা বলে জানা গেল, তাঁরা সবাই এক পরিবারের সদস্য।

বাবা, চাচ, চাচি, বোন ও বোনের স্বামী মিলে তাঁরা ভোট দিতে এসেছেন। একই জায়গায় ভোটকেন্দ্র হওয়ায় একসঙ্গেই ভোট দিতে এসেছেন তাঁরা।

এই দলের যিনি সেলফি তুলেছেন তাঁর নাম হাবিবুর রহমান আকন্দ। বাসা মিরপুর ১ নম্বর সেকশনের ডি ব্লকে।

পরিবারের সদস্যদের পরিচয় দিয়ে হাবিবুর রহমান বলেন, এই দলে তাঁর বাবা আবুল কাশেম, চাচা আবুল হাসেম, তিনজন চাচি, স্ত্রী, দুই বোন ও বোনের স্বামী মোস্তাক আহমেদও সঙ্গে ছিলেন।

হাবিবুর বলেন, ‘সর্বশেষ ২০০৮ সালে ভোট দিয়েছি। ২০১৩ সালে ভোটের পরিবেশ ছিল না। ২০১৮ সালে বিদেশে ছিলাম। ২০২৪ সালে ভোট দেওয়ার আগ্রহ পাইনি। এবার পরিস্থিতি ভালো দেখছি। সবাই উৎসাহ নিয়ে ভোট দিতে আসছেন। কোনো সমস্যা ছাড়াই লোকজন ভোট দিতে পারছেন।’

হাবিবুর রহমান আকন্দ আরও বলেন, তাঁদের পরিবারের অনেকে ইতিমধ্যে ভোট দিয়ে চলে গেছেন। বাসায় আরও অনেকে আছেন। তাঁরাও ভোট দিতে আসবেন বলে জানালেন তিনি।