রাজনীতি আর খেলা এক নয়: মাহবুবের রহমান
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, রাজনীতি আর খেলা এক নয়। বিএনপি সাধারণ মানুষের জন্য রাজনীতি করে। খেলা করে না।
বিএনপির এই নেতা বলেন, ‘আওয়ামী সরকারের উচ্চ পর্যায়ের নেতারা খেলার কথা বলছেন। আমরা বলি, রাজনীতি আর খেলা এক নয়। আমরা সাধারণ মানুষের জন্য রাজনীতি করি। খেলা করি না। বিগত ১৪ বছরে আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে। আমরা সেই গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করতে কাজ করছি। সরকারের শত বাধাবিপত্তি উপেক্ষা করে ঢাকায় বিএনপির গণসমাবেশ সফল করে সাধারণ মানুষ আওয়ামী লীগ সরকারকে লাল কার্ড দেখিয়েছে।’
আজ মঙ্গলবার বিকেলে নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে নগর বিএনপি আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাহবুবের রহমান এ কথা বলেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তির দাবি; ঢাকায় পুলিশের গুলিতে একজন নিহত, হামলা, গ্রেপ্তার ও নৈরাজ্যের প্রতিবাদে এই কর্মসূচি পালিত হয়।
বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দীন বলেন, ঢাকায় বিএনপির ১০ ডিসেম্বরের গণসমাবেশ কেন্দ্র করে দলীয় কার্যালয়ে পুলিশি তাণ্ডব, নেতা-কর্মীদের গ্রেপ্তার ও হামলার ঘটনায় আবার প্রমাণিত হলো, আওয়ামী সরকারের রাজত্ব কত ভয়ংকর।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব আবুল হাশেম বলেন, বর্তমান অনির্বাচিত সরকার জোর করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে। তারা বিগত ১৪ বছরে দেশের রাজনীতিকে নষ্ট করেছে। তারা এমন চুরি করেছে যে দেশ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। আওয়ামী লীগ দেশের অর্থনীতি, গণতন্ত্র, ডলার ও রিজার্ভ গিলে খেয়েছে।
নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজের সভাপতিত্ব সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী, মোহাম্মদ মিয়া ভোলা, আবদুল মান্নান প্রমুখ।