সরকার গণমাধ্যমে দ্বন্দ্ব সৃষ্টি করে সুবিধা নিতে চাইছে: জেনারেল ইবরাহিম
প্রথম আলোকে এক দিকে দিয়ে অন্যান্য কয়েকটি পত্রিকা ও টেলিভিশনকে আরেক দিকে দিয়ে একটি দ্বন্দ্বের সৃষ্টি করানো হচ্ছে। এই মন্তব্য করেছেন মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক। তিনি বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান
এবং বিএনপির সমমনা ১২–দলীয় জোটের মুখপাত্র।
ইবরাহিম বলেছেন, নিপীড়নকারী সরকার মানুষের মধ্যে দ্বন্দ্ব শুরু করেছে। গত তিন–চার দিতে দুই–তিনটি টক শো দেখেছি। যেখানে প্রথম আলো পত্রিকাকে আক্রমণ করে অন্য মিডিয়ার ব্যক্তিরা বলছেন। এই সমাজকে বিভাজিত করে তারা (বর্তমান সরকার) নিজেদের নিপীড়ন চালিয়ে যায়।
আজ শনিবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এই কর্মসূচির আয়োজন করে ১২–দলীয় জোট। জোটের নেতারা অবশ্য দাবি করেছেন, পূর্বঘোষণা অনুযায়ী তাঁরা বেলা সাড়ে ১১টা থেকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিলেন। পুলিশ সেখানে তাঁদের কর্মসূচি পালন করতে দেয়নি। পরে পানির ট্যাংকের কিছুটা দক্ষিণ পাশে অবস্থান কর্মসূচি পালন করে ১২–দলীয় জোট।
সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, ‘বর্তমান সরকার যতবার ক্ষমতায় এসেছে, ততবার একটা না একটা অঘটন ঘটিয়েছে। আওয়ামী লীগ গত ১৫ বছরে চারটি টেলিভিশন বন্ধ করেছে। ১২–দলীয় জোটের এই শীর্ষ নেতা বলেন, ‘সাগর ও রুনি ১১ বছর আগে নিহত হয়েছেন। তাঁদের বিচার হয় না কেন?’
পবিত্র রমজানে এই সরকার কর্মসূচি পালন করতে বাধ্য করেছে জানিয়ে অবস্থান কর্মসূচিতে সভাপতির বক্তব্যে জাতীয় পার্টির (কাজী জাফর) সভাপতি মোস্তফা জামাল হায়দার বলেন, ‘এই সরকার বাধ্য করেছে বাক ব্যক্তি সংবাদপত্র মিডিয়ার স্বাধীনতা কেড়ে নিয়ে দেশটাকে আবার সেই বাকশালী পর্যায়ে নিয়ে যাওয়ার যে পাঁয়তারা, তাঁর বিরুদ্ধে প্রতিকারের জন্য আমাদের এই সমাবেশ। আমাদের এই সমাবেশ গণতন্ত্রের জন্য সমাবেশ।’
অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য দেন জাতীয় দলের সৈয়দ এহসান হুদা, এনডিপির কে এম আবু তাহের, জমিয়তে উলামায়ে ইসলামের মুফতি মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ মুসলিম লীগের জুলফিকার বুলবুল চৌধুরী, ন্যাপ ভাসানীর আজহারুল ইসলাম, এলডিপির আবদুল গনি ও শাহাদাত হোসেন সেলিম, জাপার আহসান হাবিব, ইসলামিক পার্টির আবুল কাসেম প্রমুখ।