কোটা পুনর্বহাল বৈষম্য প্রকট করবে: এবি পার্টি
সরকারি চাকরিতে কোটাব্যবস্থা পুনর্বহাল অন্যায্য বলে মনে করে এবি পার্টি। রাজনৈতিক দলটির নেতাদের মতে, কোটাব্যবস্থা পুনর্বহাল হলে দেশের নাগরিকদের মধ্যে শ্রেণিবৈষম্য প্রকট আকার ধারণ করবে।
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বিজয়নগরে এক প্রতীকী গণশুনানিতে এসব কথা বলেন এবি পার্টির নেতারা। ‘ট্রানজিটের নামে ভারতকে একতরফা করিডর দেওয়া, বৈষম্যমূলক কোটা পুনঃপ্রবর্তন, দুর্নীতিবাজদের লুটপাট এবং লাগাতার দ্রব্যমূল্য বৃদ্ধিসহ’ আওয়ামী লীগ সরকারের ‘দুঃশাসনের’ প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করে এবি পার্টি।
প্রতীকী গণশুনানির সঞ্চালনা করেন এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান। এ সময় তিনি কোটাব্যবস্থাকে সংবিধানপরিপন্থী বলে দাবি করেন। মজিবুর রহমান বলেন, এই কোটা সংস্কার করা না হলে নাগরিকদের মধ্যে শ্রেণিবৈষম্য আরও প্রকট আকার ধারণ করবে।
মজিবুর রহমান বলেন, বাংলাদেশের ভেতর দিয়ে ট্রেনে করে ভারতের নাগরিকেরা তাঁদের এক রাজ্য থেকে অন্য রাজ্যে চলাচল করবেন। তাহলে বাংলাদেশের জনগণও ভারতের মধ্য দিয়ে নেপাল, ভুটান ও চীনে সড়কপথে যাতায়াতের অধিকার রাখে।
এ কর্মসূচির সভাপতিত্ব করেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক বি এম নাজমুল হক। ভারতের সঙ্গে সব ধরনের ‘একতরফা’ চুক্তি ও সমঝোতা স্মারক বাতিলের দাবি জানিয়ে তিনি প্রশ্ন করেন, এই সরকারের সব চুক্তি ও সমঝোতা স্মারক কেন শুধু ভারতের স্বার্থে?
এবি পার্টির যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান ফুয়াদ কোটাবিরোধী আন্দোলনে অংশগ্রহণ নেওয়া শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার নিন্দা জানান। এ সময় আরও বক্তব্য দেন দলটির নেতা দিদারুল আলম, আইনজীবী আবদুল্লাহ আল মামুন, নারী উদ্যোক্তা আমেনা বেগম, শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহ, শ্রমিক প্রতিনিধি মজিবর রহমান প্রমুখ।