বিদেশি পর্যবেক্ষকদের আগমন স্বচ্ছ নির্বাচনে সহায়ক: তথ্যমন্ত্রী

সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদছবি: পিআইডি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, নির্বাচন পর্যবেক্ষণে বিদেশি পর্যবেক্ষকদের আগ্রহ প্রমাণ করে দেশে একটি স্বচ্ছ, সুন্দর, অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে। তাঁদের আগমন ভালো নির্বাচনের ক্ষেত্রে অত্যন্ত সহায়ক।

মন্ত্রী বলেন, ‘তফসিল ঘোষণার আগে এবং নির্বাচনী প্রক্রিয়া শুরু হওয়ার সময় বিদেশি পর্যবেক্ষকেরা আসবেন কি না, তা নিয়ে শঙ্কা-আশঙ্কা প্রকাশ করেছিলেন। নানাজন নানা মত দিয়েছিলেন। কিন্তু এখন দেখা যাচ্ছে, অনেক দেশ থেকে বিদেশি পর্যবেক্ষকেরা আসার আগ্রহ জানিয়েছেন।’

আজ সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ইউরোপীয় ইউনিয়নসহ দেশি-বিদেশি সংস্থার পাশাপাশি ভারত, জাপান, ফিলিস্তিন, ওআইসি এবং আরব লীগ পর্যবেক্ষক পাঠাবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। অর্থাৎ সব সময় যেভাবে পর্যবেক্ষকেরা আসেন, ঠিক একইভাবেই পর্যবেক্ষকেরা আসবেন। এতেই প্রমাণিত হয় আজ দেশে নির্বাচনী ঢেউ বয়ে যাচ্ছে, নির্বাচন নিয়ে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা তৈরি হয়েছে, মানুষ ও দেশ পুরোপুরিভাবে নির্বাচনমুখী হয়েছে।

যারা পর্যবেক্ষক পাঠাবে কি পাঠাবে না, সে নিয়ে দোলাচলের মধ্যে ছিল, তারাও এখন নির্বাচন পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছে বলে উল্লেখ করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আমি মনে করি যে এই নির্বাচনী পর্যবেক্ষকদের আগমন একটি স্বচ্ছ, সুন্দর, ভালো নির্বাচন করার ক্ষেত্রে অত্যন্ত সহায়ক। যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় এবং এখনো যারা নির্বাচন বাধাগ্রস্ত করার লক্ষ্যে ক্রমাগতভাবে অবরোধ ডাকছে, তারাও বুঝতে পেরেছে যে জনগণের ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে একটি ভালো নির্বাচন হতে যাচ্ছে।’

নির্বাচন কমিশন স্বাধীন ও শক্তিশালীভাবে কাজ করছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘আপনারা ইতিমধ্যেই দেখেছেন নির্বাচন কমিশন অত্যন্ত বলিষ্ঠ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। যেমন বিভিন্ন থানার ওসিদের বদলি, ইউএনওদের বদলি, এমনকি ডিসি বদলি। পূর্বের নির্বাচন কমিশনগুলোর সময় এত ব্যাপক হারে বদলি ঘটেনি। এমনকি ডিসি বদলির ঘটনাও কদাচিৎ দু–একবার ঘটেছে। অর্থাৎ নির্বাচন কমিশন যে পরিপূর্ণভাবে স্বাধীন নিরপেক্ষভাবে কাজ করছে, সেটিই প্রমাণিত হচ্ছে এ ধরনের পদক্ষেপ গ্রহণ করায়। প্রধানমন্ত্রী বারবার এটি পুনর্ব্যক্ত করেছেন যে নির্বাচন কমিশনকে সরকারের পক্ষ থেকে সর্বতোভাবে সহায়তা করা হবে, যাতে করে একটি স্বচ্ছ, সুন্দর, উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়।’

এ সময় দ্রব্যমূল্য নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন হাছান মাহমুদ। পেঁয়াজের মূল্যবৃদ্ধিসংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করার ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের বাজারে দাম বেড়ে যাওয়া কিছু পাইকারি ও খুচরা ব্যবসায়ীর অসৎ মানসিকতার বহিঃপ্রকাশ ছাড়া অন্য কোনো কিছু নয়।’ তিনি বলেন, ভোক্তা অধিকার সংস্থা এ নিয়ে অভিযান শুরু করেছে, ১৩৩ জন ব্যবসায়ীকে জরিমানা করেছে। এতে বাজারে কিছুটা শৃঙ্খলা ফিরে এসেছে। এক সপ্তাহের মধ্যে বাজারে দেশি পেঁয়াজ বাজারে আসা শুরু করবে। এতে পেঁয়াজের দাম শিগগির কমে যাবে।