‘সমাজ চলে গেছে সাম্প্রদায়িক শক্তির হাতে’
বাংলাদেশ রাষ্ট্র মুক্তিযোদ্ধাদের হাতে থাকলেও সমাজ চলে গেছে সাম্প্রদায়িক শক্তির হাতে। অন্যদিকে যাঁরা রাজনীতিকে ব্যবহার করতে পারছেন, তাঁরাই সম্পদের মালিক হচ্ছেন। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় এলেও লুটপাট, সাম্প্রদায়িকতা, অগণতান্ত্রিক শক্তি থেকে মুক্তি পাওয়ার যে স্বপ্ন দেখা হয়েছিল, তা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে।
‘মুক্তিযুদ্ধ, সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা ও সাংস্কৃতিক আন্দোলন’ শীর্ষক এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের ৮১তম জন্মদিন উপলক্ষে আজ রোববার বিকেলে রাজধানীর তোপখানা রোডে দলটির কেন্দ্রীয় কার্যালয় চত্বরে এই সভার আয়োজন করা হয়।
রাষ্ট্র মুক্তিযোদ্ধাদের হাতে থাকলেও সমাজটা চলে গেছে সাম্প্রদায়িক শক্তির হাতে বলে মন্তব্য করেন রাশেদ খান মেনন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের শক্তি ক্ষমতায় আছে বলে আমরা নিশ্চিন্তে ঘুমাব অথবা তার ভাগ নিতে যাব, এর মধ্যে থাকলে চলবে না। সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা, অর্থনৈতিক ক্ষেত্রে নৈরাজ্য, অর্থ পাচার, দুর্নীতি, ঋণখেলাপি—এসব প্রতিনিয়ত উদ্বিগ্ন করছে বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেন, দেশে এই মুহূর্তে কিছু ত্রুটি–ঘাটতিসহ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি দেশ পরিচালনার দায়িত্বে। এই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে যেকোনো পন্থায় উচ্ছেদ করার জন্য রাজাকারপক্ষ জোর চেষ্টা চালাচ্ছে।
বিএনপি–জামায়াত সরকার যেসব ভুল ও কাজ করেছিল, তার বিপরীতে যা পাওয়ার প্রত্যাশা করেছিল, তা ব্যাখ্যা করতে গিয়ে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, ‘ভেবেছিলাম মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় এলে লুটপাট, সাম্প্রদায়িক শক্তি, অগণতান্ত্রিক শক্তি থেকে মুক্তি পাব। সেই আশা, স্বপ্ন ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে।’
রাজনৈতিক বিশ্লেষণ করলে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করে দিলীপ বড়ুয়া বলেন, বিএনপি একধরনের লুটপাট করেছে, বর্তমান সরকার আরেক ধরনের লুটপাট করে। এ থেকে মুক্তির জন্য নতুন মেরুকরণ সৃষ্টি করতে হবে বলে মনে করেন তিনি।
রক্ত দিয়ে রাজনৈতিক পটপরিবর্তন ঘটিয়েছিলেন বলে মন্তব্য করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন, সেই রাজনীতি থেকে বর্তমান পরিস্থিতি অনেক দূরে সরে এসেছে। বাংলাদেশ থেকে অনেক সম্পদ বিদেশে পাচার হয়ে যাচ্ছে। ক্ষমতাসীন যাঁরা রাজনীতিকে ব্যবহার করতে পারছেন, তাঁরাই কিন্তু সেই সম্পদের মালিক হচ্ছেন। এই অবস্থা পরিবর্তনের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আয়োজনের সভাপতিত্ব করেন ‘৮১–তে জনতার মেনন’ উদ্যাপন কমিটির আহ্বায়ক আনিসুর রহমান মল্লিক। ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তফা আলমগীরের সঞ্চালনায় আলোচনা সভায় ঐক্য ন্যাপের ভারপ্রাপ্ত সভাপতি এস এম এ সবুরসহ অনেকে বক্তব্য দেন। আলোচনা সভা শেষে রাশেদ খান মেননকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সতীর্থরা।