ঐক্য ধরে রাখতে না পারলে অভ্যুত্থান ক্ষতিগ্রস্ত হবে

‘জাতীয় ঐক্য: কেন, কিসের ভিত্তিতে ও কোন পথে?’ শীর্ষক আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন ইংরেজি দৈনিক দ্য নিউ এজ সম্পাদক নূরুল কবীর। ঢাকা ,২২ জানুয়ারিছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণতান্ত্রিক মূল্যবোধ ও রাজনৈতিক সংস্কারের মাধ্যমে দেশের শাসনব্যবস্থাকে কার্যকর করতে ঐক্য অপরিহার্য। এই বক্তব্য এসেছে ঢাকায় এক আলোচনা সভায়। এতে আলোচকেরা বলেছেন, ঐক্য ধরে রাখতে না পারলে অভ্যুত্থান ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে।

‘জাতীয় ঐক্য: কেন, কিসের ভিত্তিতে ও কোন পথে?’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ইউনিটি ফর বাংলাদেশ নামের একটি সংগঠন। আজ বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমদ চৌধুরী অডিটরিয়ামে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইংরেজি দৈনিক দ্য নিউ এজ সম্পাদক নূরুল কবীর।

জুলাই গণ–অভ্যুত্থানের পর স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের নেতাদের পালানো প্রসঙ্গে নূরুল কবীর বলেন, ‘এখন পর্যন্ত এই সরকার আর্মিকে জিজ্ঞেস করল না যে ৫ আগস্টের পর ক্যান্টনমেন্ট থেকে (আওয়ামী লীগের নেতারা) পালাল কীভাবে? সরকার আনুষ্ঠানিকভাবে জিজ্ঞাসা করেছে বলে আমরা শুনিনি। তার মানে সরকার আর্মিকে ভয় পায়। একটা স্বৈরতান্ত্রিক সরকারকে উৎখাতের প্রশ্নে ১৫ বছর সহযোগিতা করলেও শেষ মুহূর্তে আর রক্তপাত না করার জন্য সেনাবাহিনী ছাত্র–জনতার পাশে দাঁড়িয়ে ভালো কাজ করেছে; অস্বীকার করার কিছু নাই।’

সংস্কারপ্রক্রিয়ায় ‘না’ ভোটের বিধান যুক্ত করা উচিত বলে মনে করেন নূরুল কবীর। তিনি বলেন, “‘না’ ভোট থাকলে রাজনৈতিক দল চাপের মধ্যে থাকবে। এক–এগারোর সরকার এটা যুক্ত করেছিল। পরের সরকার এটা বাদ দিয়েছিল। আমি মনে করি, “না” ভোটের বিধান যুক্ত করা দরকার।’

দেশের রাজনৈতিক সংস্কৃতি ঠিক না হলে আইন করে কিছুই ঠিক করা যাবে না বলে মন্তব্য করেন নিরাপত্তা বিশ্লেষক লে. জেনারেল (অব.) আমিনুল করিম। তিনি বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানগুলো খুবই দুর্বল। এসব প্রতিষ্ঠান ঠিক করা গেলে বেশির ভাগ জিনিস ঠিক হয়ে যাবে।’ ৫ আগস্টের আগে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ছিল না বলেও মন্তব্য করেন তিনি। আমিনুল করিম আরও বলেন, পুলিশকে স্বাধীন করে দিতে হবে। আর্মিকে স্বাধীন করে দিতে হবে। আগের সরকার সেনাবাহিনীকে সাংঘাতিকভাবে রাজনৈতিকীকরণ করেছে।’

ঐক্য ধরে রাখতে না পারলে অভ্যুত্থান ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে উল্লেখ করে আলোচনা সভায় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, নতুন রাজনৈতিক দল কোনোভাবেই সরকারের ক্ষমতাবলে হওয়া উচিত নয়। এত বড় একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে যদি কোনো রাজনৈতিক দল গড়ে ওঠে, সেটা জনগণের ভেতর থেকে গড়ে ওঠা উচিত। ক্ষমতার ছায়ায় থেকে নয়।

ঢাকায় আজ ‘জাতীয় ঐক্য: কেন, কিসের ভিত্তিতে ও কোন পথে?’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ইউনিটি ফর বাংলাদেশ নামের একটি সংগঠন
ছবি: প্রথম আলো

জোনায়েদ সাকি বলেন, নির্বাচনের আগে সংস্কার লাগবে। অংশগ্রহণমূলক, সুষ্ঠু নির্বাচন করতে হলে অনেকগুলো সংস্কার দরকার। আবার মৌলিক কাঠামোগত সংস্কারের যে দাবি সামনে আসছে, সংবিধান বদলাতে হবে, সেটা সম্পন্ন করতে নির্বাচন লাগবে। বিপ্লব করে একটা দল যখন ক্ষমতায় আসবে, তাকেও জনগণের সমর্থন নিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, ‘নির্বাচনের জন্য যেমন সংস্কার দরকার, আবার সংস্কার সম্পন্ন করতে নির্বাচন দরকার। এই দুইটাকে যদি এক হিসাবের মধ্যে আনতে পারি, তাহলে ঐকমত্যের মাধ্যমে ঠিক হবে, কোনটা নির্বাচনের আগে এবং কোনটা নির্বাচনের পরে হবে।’

‘ফ্যাসিবাদ ফ্যাসিবাদ বলতে বলতে নিজেরাই যাতে ফ্যাসিস্ট না হয়ে যাই, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে’—এই মন্তব্য করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক স্নিগ্ধা রিজওয়ানা। তিনি বলেন, নিজেরা ফ্যাসিস্ট হলে এটা হবে বড় পরাজয়। আর রাকসুর সাবেক ভিপি ও কমিউনিস্ট পার্টির নেতা রাগিব হাসান বলেন, আগেও ঐক্য হয়েছিল, তবে ২০২৪ সালের অভ্যুত্থান নতুন ঐক্যের দাবি তৈরি করেছে।

ঢাকায় আজ ‘জাতীয় ঐক্য: কেন, কিসের ভিত্তিতে ও কোন পথে?’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ইউনিটি ফর বাংলাদেশ নামের একটি সংগঠন
ছবি: প্রথম আলো

আলোচনা সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন বলেন, শিক্ষার্থী–জনতার আন্দোলনে যাঁরা নেতৃত্বে ছিলেন, তাঁদের কারও বর্তমান সরকারের অংশ হওয়া উচিত হয়নি। বাইরে থেকে যে চাপ সৃষ্টি করতে পারতেন, সেটা অনেকাংশে এখন কমে গেছে। এটা বাস্তবতা, সাহস করে অনেকে বলে না। তিনি বলেন, ভিন্ন ভিন্ন মত থাকবে, থাকতেই হবে। না থেকে কোনো উপায় নেই। চাঁদপুরে পদ্মা ও মেঘনা এক জায়গায় মিলিত হলেও দুটির স্রোতোধারা চলছে আলাদাভাবেই। কিন্তু নিজস্ব স্বকীয়তা কেউ হারায়নি। সুতরাং স্বকীয়তা বজায় রেখেই জাতীয় ঐক্য সম্ভব।

আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধিকারকর্মী তুহিন খান। তিনি বলেন, কেবল রাজনৈতিক রেটোরিক বা আনুষ্ঠানিকতায় সীমিত না রেখে, ঐক্যের আলোচনাকে একটি ফলপ্রসূ পদক্ষেপে রূপান্তরিত করাই এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ।