কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাসহ গ্রেপ্তার ৩
রাজধানীতে গত দুই দিনে পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক মো. জহির হাওলাদার (৫৪) ও অঙ্গসংগঠনের কর্মী মো. ইবনে আল সেলিম (৩২) এবং নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সদস্য রায়হান ইসলাম ওরফে রাতুল।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে শাহবাগ মোড় থেকে রায়হান ইসলামকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে আশুলিয়া থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় একটি মামলা রয়েছে।
গণ–অভ্যুত্থানের আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ ছাত্রদের দমাতে তাঁর নেতৃত্বে হামলা হয়েছিল। ওই ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে দুই বছরের জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বহিষ্কার করে।
আজ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বুধবার দিবাগত রাত পৌনে ১০টার দিকে শাহ আলীবাগ এলাকা থেকে জহির হাওলাদারকে এবং এর ১৫ মিনিট আগে মিরপুরের লাভ রোডে অভিযান চালিয়ে ইবনে আল সেলিমকে গ্রেপ্তার করা হয়।