বাক্ ও শ্রবণপ্রতিবন্ধীদের জন্য সম্ভব সবকিছু করার আশ্বাস মির্জা আব্বাসের
বাক্ ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিদের জীবনে স্বাচ্ছন্দ্য আনতে, তাঁদের সমাজে প্রতিষ্ঠিত করতে যা যা করা প্রয়োজন, সবকিছু করা হবে বলে জানিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। তিনি বলেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়। তাঁরা আমাদেরই সন্তান, আমাদেরই ভাই, আমাদেরই আত্মীয়।’
আজ শুক্রবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ঢাকা বধির হাইস্কুলে বাক্ ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় মির্জা আব্বাস এ কথা বলেন। বাংলাদেশ জাতীয় বধির সংস্থার বধির জনগোষ্ঠী আয়োজিত এ সভায় প্রায় ২০০ জন বাক্ ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নিজেদের বিভিন্ন দাবি–দাওয়া লিখিতভাবে মির্জা আব্বাসকে জানান বাক্ ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিরা। এ সময় তাঁদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমাদের সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, তোমাদের জীবনের স্বাচ্ছন্দ্য আনার জন্য আমাদের যা করা দরকার, একজন মানুষ হিসেবে উপলব্ধি করে নির্বাচনের পরপরই আমরা সেই ব্যবস্থা শুরু করব, ইনশাআল্লাহ।’
মির্জা আব্বাস বলেন, ‘তোমাদের দাবি–দাওয়াগুলো আমি দেখলাম। এই দাবি–দাওয়ার কাগজের কোনো প্রয়োজন নাই।…যে দাবি তোমরা দিয়েছো, এতে তোমাদের হবে না। তোমাদের আরও অনেক অনেক প্রয়োজন আছে। যেগুলো তোমরা লিখতে পারো নাই। এ প্রয়োজনটা আমরা বুঝি।’
ঢাকা–৮ আসনে বিএনপির এই প্রার্থী আরও বলেন, যদি এমন কেউ থাকে, চিকিৎসা করলে সমস্যার সমাধান হতে পারে, সেটি যদি সরকারিভাবে সম্ভব না–ও হয়, তিনি ব্যক্তিগতভাবে তাঁদের সহযোগিতা করবেন। তিনি বলেন, একজন মানুষ, একটি বাচ্চার মুখেও কথা ফোটাতে যদি তিনি সহযোগিতা করতে পারেন, সেটিই হবে তাঁর জীবনের সার্থকতা।