সরকার দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে: গণসংহতি আন্দোলন
সরকার পতনের এক দফা দাবিতে বিরোধীদের পদযাত্রা কর্মসূচিতে হামলা ও সংঘর্ষের ঘটনায় নিন্দা জানিয়েছে গণসংহতি আন্দোলন। দলটি বলছে, শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়ে, সংঘর্ষ তৈরি করে ক্ষমতাসীন দল দেশকে সংঘাতময় পরিবেশের দিকে নেওয়ার ষড়যন্ত্র করছে। জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে সরকার সহিংসতা দিয়ে দমন করতে চায়।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান আজ মঙ্গলবার গণমাধ্যমে এক বিবৃতি পাঠান। সেখানেই এসব কথা বলা হয়।
বিবৃতিতে বলা হয়, গণতন্ত্র মঞ্চের চট্টগ্রাম ও রংপুর জেলার কর্মসূচিতে এবং বিভিন্ন স্থানে বিএনপির কর্মসূচিতে হামলা চালিয়ে নেতা-কর্মীদের আহত করা হয়েছে। এসব হামলার ঘটনায় সরকারের স্বৈরাচারী ও ফ্যাসিবাদী চেহারা যেমন উন্মুক্ত হয়েছে, তেমনি সরকার যে নার্ভাস হয়ে পড়েছে, তারও প্রকাশ ঘটেছে।
বিবৃতিতে নেতারা বলেন, তথাকথিত শান্তি সমাবেশের নামে অশান্তি সৃষ্টি করছে সরকারি দল। সরকার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইকে সহিংসতা দিয়ে দমন করতে চাইছে। কিন্তু জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। সরকারের পতন ঘটিয়েই তাঁরা ঘরে ফিরবেন।