দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে সরকার: ছাত্র ফ্রন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (মার্ক্সবাদী) প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ছবি: প্রথম আলো

বিরোধী মত দমনে সরকার দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে বলে অভিযোগ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্ক্সবাদী)। সংগঠনটির নেতারা বলেছেন, বর্তমান সরকার জনজীবনে ভয়ংকর দুর্ভোগ এনেছে। শিক্ষাক্রম ২০২০ বাস্তবায়নের মধ্য দিয়ে তারা শিক্ষার ওপর বড় আক্রমণ করছে।

আজ মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক ছাত্রসমাবেশে ছাত্র ফ্রন্টের (মার্ক্সবাদী) নেতারা এসব কথা বলেন। সংগঠনের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশ থেকে জাতীয় শিক্ষাক্রম ২০২০ বাতিল, শিক্ষা উপকরণের মূল্যবৃদ্ধি বন্ধ করা ও শিক্ষাপ্রতিষ্ঠানে নামে-বেনামে ফি আদায় বন্ধ করা, বিদ্যালয়গুলোতে ভুলে ভরা নিম্নমানের পাঠ্যবই বাতিল করে ত্রুটিমুক্ত পুনর্মুদ্রিত বই অতিদ্রুত সরবরাহ করা ও দুর্নীতি-অবহেলায় জড়িত ব্যক্তিদের বিচার এবং মেট্রোরেলের ভাড়া কমানো ও শিক্ষার্থীদের হাফ পাস নিশ্চিতের দাবিও জানানো হয়।

ছাত্র ফ্রন্ট (মার্ক্সবাদী) বামপন্থী রাজনৈতিক দল বাসদের (মার্ক্সবাদী) ছাত্রসংগঠন সমাবেশে অংশ নিয়ে বাসদের (মার্ক্সবাদী) কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানা বলেন, বর্তমান সরকার জনজীবনে ভয়ংকর দুর্ভোগ এনেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন দিশেহারা।

এতে সভাপতিত্ব করেন ছাত্র ফ্রন্টের (মার্ক্সবাদী) কেন্দ্রীয় সভাপতি সালমান সিদ্দিকী। তিনি অভিযোগ করে বলেন, একদল টেকনোক্র্যাট তৈরি করতেই সরকার এ শিক্ষাক্রম বাস্তবায়ন করছে। শিক্ষা উপকরণের মূল্যবৃদ্ধি করা হয়েছে। সরকার নিজের গদি টিকিয়ে রাখতে ছাত্রলীগকে দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে সংগঠনের নেতা প্রগতি বর্মণ বক্তব্য দেন।