ছাত্রদলের সেই ১১ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
চার বছর পর ছাত্রদল থেকে বহিষ্কৃত সেই ১১ নেতার সাংগঠনিক সাজা তুলে নিয়েছে বিএনপি। বিজ্ঞপ্তি দিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাজা প্রত্যাহারের কথা জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত ছাত্রনেতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। ২০১৯ সালের ২২ জুন তাঁদের বহিষ্কার করা হয়েছিল।
বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতারা হলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি মো. এজমল হোসেন, ইখতিয়ার রহমান, মামুন বিল্লাহ ও জয়দেব জয়; সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও বায়েজিদ আরেফিন; সাবেক সহসাধারণ সম্পাদক দবির উদ্দিন; সাবেক সহসাংগঠনিক সম্পাদক গোলাম আজম, আবদুল মালেক; সাবেক সদস্য আজিজুল হক পাটোয়ারী ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক আবুল বাসার সিদ্দিকী।
২০১৯ সালের ৩ জুন বিএনপি তার অঙ্গসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দেওয়ার পাশাপাশি কাউন্সিলের মাধ্যমে সংগঠনটির নতুন নেতৃত্ব নির্বাচনের ঘোষণা দেয়। তখন বিলুপ্ত কমিটির নেতারা বয়সসীমা না করে ধারাবাহিক কমিটি গঠনের দাবিতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে টানা বিক্ষোভ করেন। বিক্ষোভের এক পর্যায়ে বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও মারামারি হয় এবং কার্যালয়ের পাশে ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর ওই বছরের ২২ জুন ছাত্রদলের ১১ নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।
অবশ্য পরে এই ১১ ছাত্রদল নেতা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ, অপ্রীতিকর ঘটনার জন্য সংবাদ সম্মেলন করে দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কাজ করার অঙ্গীকার করেন। এর চার বছর পর তাঁদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো।