গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূতিতে কর্মসূচি দিল জামায়াত

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ মঙ্গলবার দুপুরে
ছবি: প্রথম আলো

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদ্‌যাপন ও কর্মসূচি ঘোষণা উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

জামায়াতের মাসব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে—

২ থেকে ৯ জুলাই রাজধানীতে গণ-অভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গু পরিবারের সঙ্গে মতবিনিময় এবং অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত স্থানে স্মৃতিচারণা, আলোচনা ও দোয়া।

জুলাই শহীদ দিবস উপলক্ষে ১৬ জুলাই ঢাকার দুই মহানগরীর উদ্যোগে পৃথক আলোচনা সভা

১৮ থেকে ৩১ জুলাই সারা দেশে গণ-অভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গু পরিবারের সঙ্গে মতবিনিময় এবং অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত স্থানে স্মৃতিচারণা

আলোচনা ও দোয়া: ১ আগস্ট সারা দেশে (মহানগরী, জেলা ও উপজেলা) গণমিছিল

২ থেকে ৪ আগস্ট শ্রমিক সংগঠনের উদ্যোগে কর্মসূচি গ্রহণ

৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে ১১ দলের উদ্যোগে রাজধানীসহ সারা দেশের সমাবেশ ও মিছিলে সমর্থন ও অংশগ্রহণ

গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জামায়াতের মহিলা বিভাগ ও ছাত্রসংগঠন পৃথক কর্মসূচি পালন করবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। জুলাই যোদ্ধাদের বিভিন্ন ফোরামের কর্মসূচিতে জামায়াত অংশ নেবে বলেও উল্লেখ করা হয়।

সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে তিনটি দাবি থাকবে জামায়াতের। এগুলো হলো গণ-অভ্যুত্থানের খুনিদের এবং মানবতাবিরোধী অপরাধীদের বিচার ত্বরান্বিত করা, শহীদ শরিফ ওসমান বিন হাদির খুনিদের বিচার এবং গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করা।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মা’ছুম, আবদুল হালিম ও হামিদুর রহমান আযাদ, ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন প্রমুখ।

সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।