নানাবাড়ির জেলা ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

সফরসঙ্গীসহ ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান। ১ অক্টোবর ২০২৬ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ

প্রধানমন্ত্রী তারেক রহমান নানাবাড়ির জেলা ফেনীর পথে রওনা হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার পর রাজধানীর গুলশানের বাসা থেকে তাঁর গাড়িবহর যাত্রা শুরু করে। সড়কপথে ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী।

ফেনীতে নির্ধারিত কর্মসূচি শেষ করে আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

আজ সকাল সাড়ে নয়টার পরে বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রীর এ সফরের বিষয়ে জানানো হয়।

ওই পোস্টে বলা হয়েছে, বিভিন্ন প্রকল্প উদ্বোধন ও একাধিক কর্মসূচিতে অংশ নিতে ফেনীর উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক দিনের সফরে তিনি জেলার পরশুরাম আর ফুলগাজী উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্বোধন, বৃক্ষরোপণ, রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নানা এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাবা ইস্কান্দার মজুমদারের গ্রামের বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলায়। ফুলগাজীসহ তিনটি উপজেলা নিয়ে গঠিত ফেনী–১ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য হয়েছিলেন খালেদা জিয়া।