বিরোধীদের নির্বাচনে অযোগ্য ঘোষণার ষড়যন্ত্রে সরকার: জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান
ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান অভিযোগ করেছেন, সরকার বিরোধী রাজনৈতিক দলের নেতাদের নির্বাচনে অযোগ্য ঘোষণার ষড়যন্ত্রে বিভোর। এ জন্য বিরোধীদলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য কোনো কোনো ক্ষেত্রে রাত নয়টা পর্যন্ত সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

আজ বুধবার দুপুরে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে মুজিবুর রহমান এ অভিযোগ করেন। গতকাল মঙ্গলবার ঢাকায় বিক্ষোভ সমাবেশ করতে চেয়েছিল জামায়াত। পুলিশের অনুমতি না পাওয়ায় সমাবেশ করতে পারেনি তারা। এ প্রেক্ষাপটে ‘গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার এবং কেয়ারটেকার সরকারব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে’ আজ এ সংবাদ সম্মেলন করেন দলটির নেতারা।

সংবাদ সম্মেলনে জামায়াতের ভারপ্রাপ্ত আমির বলেন, বর্তমান সরকার কাউকে শান্তিপূর্ণ সভা, সমাবেশ ও মিটিং-মিছিল করতে দিচ্ছে না। বিরোধী রাজনৈতিক দলের সভা-সমাবেশের দিন সরকারি দল পাল্টা কর্মসূচি ঘোষণা করে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করছে। সরকারের দায়িত্ব দেশে শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করা। সেই দায়িত্ব পালনের পরিবর্তে সরকার একটি নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করেছে।

মুজিবুর রহমান সরকারের বিরুদ্ধে রাজনৈতিক নেতা–কর্মীদের নিপীড়নের অভিযোগ করেন। তিনি বলেন, ১৫ বছর ধরে জামায়াতকে নির্মূল করার জন্য সব ধরনের অপচেষ্টা চালিয়েছে এ সরকার। জামায়াতের রাজনীতি করার অধিকার সংবিধান স্বীকৃত। এ অধিকার কেড়ে নেওয়ার কোনো সুযোগ নেই। কারণ, দেশের সংবিধান জামায়াতসহ সব রাজনৈতিক দলকে এ অধিকার দিয়েছে। কিন্তু সে অধিকার থেকে বঞ্চিত করে জামায়াতের সাংবিধানিক অধিকার খর্ব করা হচ্ছে।

জামায়াতের নিবন্ধন নিয়ে সরকারদলীয় লোকজন বিভ্রান্তি সৃষ্টিরও অভিযোগ করেন জামায়াতের ভারপ্রাপ্ত আমির। তিনি বলেন, জামায়াতের নিবন্ধন বাতিলসংক্রান্ত মামলাটি উচ্চ আদালতে বিচারাধীন। এর আইনি নিষ্পত্তি করা আদালতের দায়িত্ব। অথচ আপিলের বিষয়বস্তুর বাইরে কিছু লোক আদালত অবমাননা এবং জামায়াতকে রাজনীতি করতে না দেওয়ার পিটিশন দায়ের করা–সংক্রান্ত বিষয়গুলো মিডিয়ার মাধ্যমে প্রচারণা চালিয়ে জনগণের মধ্যে একটি উসকানিমূলক পরিবেশ তৈরি করছে। এ সম্পর্কে রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ কেউ কথা বলছেন। কোনো কোনো অতি–উৎসাহী কর্মকর্তা বলছেন, যেহেতু জামায়াতের নিবন্ধন নেই, তাই জামায়াতের রাজনীতি করারও সুযোগ নেই। এ বক্তব্যগুলো সম্পূর্ণ সংবিধানপরিপন্থী।

মুজিবুর রহমান আরও বলেন, ‘সংবিধান অনুযায়ী সভা-সমাবেশ ও মিছিল করার অধিকারের ব্যাপারে নিবন্ধিত-অনিবন্ধিত বলে বিতর্কের কোনো সুযোগ নেই। যেকোনো রাজনৈতিক দল সভা-সমাবেশ করার অধিকার রাখে। আমরা এসব বেআইনি, অসাংবিধানিক ও অগণতান্ত্রিক আলোচনা পরিহার করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, উত্তরের ভারপ্রাপ্ত আমির আবদুর রহমান মুসা।